ভ্যাপসা গরমে জ্যাম ঠেলে অফিসে পৌঁছাতে পৌঁছাতে শরীর ঘেমে একাকার হয়ে যায়। তবে আসল সমস্যা শুরু হয় অফিস যাওয়ার পর। এসিরুমে প্রবেশের সঙ্গে সঙ্গেই সেই ঘাম শুকিয়ে দুর্গন্ধ ছড়াতে শুরু করে, যা বডি স্প্রে বা পারফিউম মেখেও দূর করা যায় না। বরং এই গন্ধ আরও বিদঘুটে হয়ে চরম বিব্রত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কিছু সহজ কৌশল এবং অভ্যাসের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন অফিসে ঘামের দুর্গন্ধ এড়ানোর কার্যকর কিছু উপায় জেনে নিই।

ঘামলে দুর্গন্ধ হয় কেন?
শুরুতেই জেনে নেওয়া যাক ঘামে দুর্গন্ধ কেন হয় তার কারণ। আমাদের ত্বকে নানা ধরনের ব্যাকটেরিয়া থাকে। শরীর যখন ঘামে সেই ব্যাকটেরিয়া তখন ঘামের সংস্পর্শে এসে দুর্গন্ধের সৃষ্টি করে। এই দুর্গন্ধ রোধে নিচের কৌশলগুলো ব্যবহার করা যেতে পারে।
বাইরে বের হওয়ার পূর্ব প্রস্তুতি
অতিরিক্ত জামা রাখুন: অফিসে যাওয়ার সময় সঙ্গে করে অতিরিক্ত এক সেট জামা নিতে পারেন। অফিসে পৌঁছানোর পর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। এরপর ঘামে ভেজা জামাটি পরিবর্তন করে ব্যাগে রাখা পরিষ্কার জামাটি পরিধান করুন।
আরও পড়ুন: বর্ষাকালে ঘামের দুর্গন্ধ বাড়ে কেন? কমাতে করণীয়
ফেব্রিক নির্বাচন: গরমে পলিয়েস্টার বা সিন্থেটিক ফেব্রিকের পরিবর্তে শতভাগ কটন বা সুতি ও লিনেনের জামা পরিধান করুন। কাপড়ের হালকা রঙ যেন হালকা এবং জামাটি যেন ঢিলেঢালা হয় সেদিকে বিশেষ নজর দিন। কেননা হাল্কা রঙ্গের সুতি কাপড় ঘাম দ্রুত শুষে নেয়।
গেঞ্জি বা ইনারওয়্যার ব্যবহার: জামার নিচে পাতলা সুতি গেঞ্জি বা ইনারওয়্যার পরতে পারেন। শরীরের ঘাম এটি শুষে নেবে। ফলে জামায় সরাসরি দাগ বা গন্ধ ছড়াবে না।

হাতে সময় নিয়ে বের হওয়া: গরমে বাইরে বের হওয়ার সময় তাড়াহুড়ো করা যাবে না। বরং হাতে সময় নিয়ে বের হতে হবে। কেননা তাড়াহুড়ো করে হাঁটলে শরীরে ঘাম বেশি হয়।
আরও পড়ুন: পায়ের তলা অতিরিক্ত ঘামায়? কী করবেন, কী করবেন না
ছাতা ব্যবহার: অতিরিক্ত গরমে বাইরে যাতায়াতের সময় সঙ্গে একটি ছাতা রাখুন। এটি শুধু আপনাকে রোদ থেকেই বাঁচাবে না বরং আপনার ত্বককেও সুরক্ষা দেবে।
ঘেমে যাওয়ার পর করণীয়

ওয়েট বা ভেজা টিস্যু ব্যবহার: আপনার ব্যাগে সবসময় ওয়েট বা ভেজা টিস্যু রাখবেন। অফিসে প্রবেশ করেই সোজা ওয়াশরুমে যাবেন। অ্যান্টি-ব্যাকটেরিয়াল ওয়েট টিস্যু বা ভেজা রুমাল দিয়ে শরীরের ঘাম ভালোভাবে মুছে নেবেন। এতে ঘাম সৃষ্টিকারি ব্যাকটেরিয়া দূর হবে এবং শরীর দুর্গন্ধমুক্ত থাকবে।
আরও পড়ুন: অতিরিক্ত ঘাম: কী খাবেন, কী খাবেন না
ভেজা শরীরে পারফিউম মাখবেন না: অনেকেই ঘামের গন্ধ ঢাকতে ঘর্মাক্ত শরীরে বেশি করে বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করেন। আজ থেকে এই অভ্যাস পরিত্যাগ করুন। ঘামে ভেজা শরীরে পারফিউম স্প্রে করলে ঘামের গন্ধ আরও বিদঘুটে হতে পারে। শরীর মুছে সম্পূর্ণ শুকানোর পরই বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করবেন।
দীর্ঘমেয়াদে ঘাম দূর করার উপায়

অ্যান্টিপারস্পিরেন্ট ব্যবহার: বাজারের সাধারণ ডিওডোরেন্ট শুধু শরীরে গন্ধ ঢেকে দেয়। তাই সত্যিকার অর্থেই শরীরের ঘাম হওয়া কমাতে রাতে ঘুমানোর আগে অথবা সকালে গোসলের পর বগলে অ্যান্টিপারস্পিরেন্ট রোল-অন ব্যবহার করুন।
অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান: অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান ত্বকের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। তাই প্রতিদিন গোসলের সময় এই সাবান ব্যবহার করুন।
পর্যাপ্ত পানি পান: প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। যারা পরিমিত পরিমাণে নিয়মিত পানি পান করেন তাদের ঘামে দুর্গন্ধ কম হয়।




