স্বাস্থ্যসচেতন প্রায় সবাই গ্রিন টি পানের উপকারিতা সম্পর্কে জানেন। তবে চা পানের পর টি-ব্যাগটি ফেলে দেন অনেকেই। এ কাজটি মোটেও করবেন না। ব্যবহৃত এই টি ব্যাগ আপনার রূপচর্চায় দারুণ উপকারে আসবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা চুল থেকে শুরু করে চোখের নিচের কালো দাগ এবং পায়ের পাতার দুর্গন্ধ পর্যন্ত দূর করবে। চলুন জেনে নিই ফেলে দেওয়া গ্রিন টি ব্যাগের দারুণ সব ব্যবহার-

গ্রিন টি টোনার: ত্বকের যত্নে টোনার খুবই পরিচিত একটি নাম। ব্যবহৃত গ্রিন টি ব্যাগটি ফেলে না দিয়ে আপনি টোনার বানিয়ে নিতে পারেন। হালকা গরম পানিতে টি ব্যাগটি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। পানিটি ঠান্ডা হওয়ার পর একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। প্রাকৃতিক এই টোনার ত্বকের পোরস বা লোমকূপ সংকুচিত করতে সাহায্য করে।
ব্রণের সমস্যা: গ্রিন টিতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণের ব্যাকটেরিয়া ধ্বংস করে। তাই ত্বকের যত্নে গ্রিন টির ফেসপ্যাক ব্যবহার করুন। ব্যবহৃত টি ব্যাগটি ছিঁড়ে চা পাতা বের করে নিন। এগুলো পানির সঙ্গে মিশিয়ে সরাসরি ব্রণের ওপর ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে ব্রণের ফোলা ও লালচে ভাব দূর হয়। চাইলে এই পাতা বেটে কিংবা ব্ল্যান্ড করেও ব্যবহার করতে পারেন।

অ্যান্টি-এজিং ফেসপ্যাক: ব্যবহৃত চা পাতার সঙ্গে সামান্য টকদই ও হলুদ গুঁড়া মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই প্যাক নিয়মিত ত্বকে লাগালে এটি আপনার ত্বকের কুঁচকানো ভাব কমিয়ে ত্বকের জেল্লা ফিরিয়ে আনবে। ত্বক হবে আগের চেয়ে টানটান।
আরও পড়ুন: গ্রিন টি খেলেও বাড়তে পারে ওজন, এসব ভুল করছেন না তো?
চোখের ফোলাভাব কমাতে: ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর দুইটি টি ব্যাগ ফ্রিজ থেকে বের করে চোখের ওপর ১০-১৫ মিনিট দিয়ে রাখুন। এতে চোখের ফোলা ভাব কমে যাবে।

ডার্ক সার্কেল দূর করা: ঠান্ডা গ্রিন টি ব্যাগ চোখে নিয়মিত ব্যবহার করলে ডার্ক সার্কেল বা চোখের নিচের কালো দাগ অনেকটাই কমে যায়।
ত্বকের মৃত কোষ দূর: ত্বকের মৃত কোষ দূর করতে গ্রিন টি স্ক্রাব ব্যবহার করুন। প্রথমে ব্যবহৃত গ্রিন টি পাতা শুকিয়ে নিন। এর সঙ্গে সামান্য চিনি এবং অলিভ অয়েল বা নারকেল তেল মেশান। তৈরি হয়ে গেলো স্ক্রাব। এই স্ক্রাব কনুই, হাঁটু বা মুখের ত্বকের ব্যবহার করলে মৃতকোষ দূর হয়। ত্বক হয় আরও মসৃণ।

গোলাপি ঠোঁট পেতে গ্রিন টির ব্যবহার: গ্রিন টির সঙ্গে সামান্য মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। এটি ঠোঁটে হালকাভাবে ম্যাসাজ করুন। এর পানি দিয়ে ধুয়ে লিপবাম ব্যবহার করুন। নিয়মিত এই মিশ্রণ ব্যবহারে ঠোঁটের চামড়া ফাটা বন্ধ হয়। ঠোঁট হয় আরও গোলাপি।
আরও পড়ুন: সকালে চা নাকি গ্রিন টি খেলে বেশি উপকার
চুল পড়া রোধ ও হেয়ার কন্ডিশনিং: গরম পানিতে ৪ থেকে ৫টি ব্যবহার করা গ্রিন টি ব্যাগ ফুটিয়ে লিকার বের করে নিন। পানিটি ঠান্ডা করে শাওয়ারে নিয়ে যান। শ্যাম্পু করার পর এই পানি চুলে ঢেলে ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর সাধারণ পানি দিয়ে চুল ধুয়ে নিন। নিয়মিত এই পানি ব্যবহারে চুলের গোড়া শক্ত হয়, খুশকি দূর করে চুলকে করে প্রাকৃতিকভাবে সিল্কি।

পায়ের দুর্গন্ধ দূর করা: একটি গামলায় হালকা গরম পানি নিন। এতে ৩ থেকে ৪টি ব্যবহৃত গ্রিণ টি ব্যাগের পাতা ছেড়ে দিন। এই পানিতে ২০ মিনিট পা ডুবিয়ে রাখুন। এটি পায়ের ক্লান্তি দূর করার পাশাপাশি দুর্গন্ধ ও ফাঙ্গাল ইনফেকশন দূর করে।
সতর্কতা: যেকোনো প্যাক বা স্ক্রাব মুখে ব্যবহারের আগে অবশ্যই হাতের ত্বকে প্যাচ টেস্ট করে নেবেন।
এএ




