বর্ষাকালে বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে ফ্রিজ থেকে অনেক সময় দুর্গন্ধ বের হতে শুরু করে। অনেকে মনে করেন দীর্ঘদিন ফ্রিজ পরিষ্কার না করার কারণেই এমনটা হয়। তবে নোংরা ফ্রিজ ছাড়াও বেশ কিছু ছোট ছোট ভুল এই সমস্যার জন্য দায়ী। বর্ষাকালে ফ্রিজের ভেতরে বাড়তি আর্দ্রতার কারণে দ্রুত ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া জন্মানোর প্রবণতা থাকে, যা থেকে দুর্গন্ধ ছড়ায়। এই সমস্যা দূর করতে কিছু নিয়ম মেনে চলা জরুরি।
ভেজা সবজি ও ফল রাখা থেকে বিরত থাকুন
বর্ষাকালে ভেজা সবজি বা ফল সরাসরি ফ্রিজে রাখা উচিত নয়। অতিরিক্ত আর্দ্রতার কারণে এতে দ্রুত ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে, যা দুর্গন্ধের অন্যতম কারণ। তাই সবজি বা ফল ধোয়ার পর ভালোমতো শুকিয়ে তবেই ফ্রিজে রাখুন অথবা পরিষ্কার কাপড় দিয়ে পানি মুছে নিন।
রান্না করা খাবার সংরক্ষণে সতর্কতা
বর্ষায় রান্না করা খাবার দীর্ঘদিন ফ্রিজে রাখা উচিত নয়। সময়ের সঙ্গে এই খাবারে ব্যাকটেরিয়া তৈরি হয়ে দুর্গন্ধের সৃষ্টি করতে পারে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার খেয়ে ফেলা বা প্রয়োজন না হলে তা সরিয়ে ফেলাই উত্তম।
আরও পড়ুন: প্যাকেটজাত খাবার কতটা স্বাস্থ্যসম্মত?
ড্রেন হোল ও গ্যাসকেট পরিষ্কার রাখা
ফ্রিজের অতিরিক্ত পানি বের হওয়ার জন্য একটি ড্রেন হোল থাকে। এটি বন্ধ হয়ে গেলে পানি জমে থাকে, যা বর্ষাকালে ব্যাকটেরিয়া তৈরির মাধ্যমে দুর্গন্ধ ছড়ায়। তাই নিয়মিত এই ড্রেন হোল পরীক্ষা করা প্রয়োজন। এছাড়া ফ্রিজের দরজার রাবারের সিল বা ডোর গ্যাসকেটেও ধুলা ও খাবারের কণা জমে ফাঙ্গাস তৈরি করতে পারে। নিয়মিত নরম কাপড় দিয়ে এটি পরিষ্কার করে শুকনা রাখা প্রয়োজন।

ফ্রিজে অতিরিক্ত জিনিস না রাখা
ফ্রিজে প্রয়োজনের অতিরিক্ত খাবার বা জিনিস ভরে রাখলে ঠান্ডা বাতাস ঠিকমতো চলাচল করতে পারে না। এতে কিছু খাবার দ্রুত নষ্ট হয়ে দুর্গন্ধ তৈরি করে। তাই ফ্রিজে এমনভাবে জিনিস রাখুন যাতে বাতাস সহজে চলাচল করতে পারে।
এজেড




