ঈদে টানা গরুর মাংস খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে। মুখের স্বাদ বদলাতে ভিন্ন কিছু খুঁজছেন সবাই। এক্ষেত্রে খুব সহজেই তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের ছুরি শুটকি ভুনা। চটজলদি জেনে নিন রেসিপি-
উপকরণ:
বিজ্ঞাপন
ছুরি শুটকি: ১০টি
পেঁয়াজ কুচি: ৩টি
দেশি আলু: ৩টি
শুকনা মরিচ: ৪টি
রসুন: ১টি (কোয়া ছাড়ানো)

আদা ও রসুন বাটা: ১ চা চামচ
পেঁয়াজ বাটা: ২ চা চামচ
হলুদ গুঁড়া: ১/২ চা চামচ
লাল মরিচ গুঁড়া: স্বাদমতো
ধনিয়া ও জিরা গুঁড়া: ১ চা চামচ
লবণ: স্বাদমতো
রান্নার তেল: পরিমাণমতো

প্রণালি:
বিজ্ঞাপন
প্রথমে ছুরি শুটকিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর গরম পানিতে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে কাঁটা ছাড়িয়ে নিন। শুটকিগুলো পাটায় হালকা থেঁতলে নিন, এতে রান্নার সময় দ্রুত সেদ্ধ হবে।
এবার কড়াইয়ে তেল গরম করে তাতে আস্ত শুকনা মরিচ, রসুনের কোয়া এবং পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ ভাজা হয়ে বাদামি রঙ ধরলে সামান্য পানি দিন। এরপর এতে সব বাটা ও গুঁড়া মসলা এবং লবণ দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। মসলার ওপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিন।

মসলা কষানো হলে কেটে রাখা আলু এবং থেঁতলে রাখা ছুরি শুটকি দিয়ে দিন। অল্প অল্প পানি দিয়ে অন্তত ৫ মিনিট ভালোভাবে কষিয়ে নিন।
এরপর রান্নার জন্য পরিমাণমতো পানি দিন। ঝোল শুকিয়ে একদম মাখো মাখো হয়ে এলে চুলা বন্ধ করে দিন। রান্নার শেষের দিকে আলুগুলো সামান্য ভেঙে দিলে ঝোলটা বেশ ঘন ও মাখো মাখো হবে। চুলা থেকে নামানোর ঠিক আগে সামান্য ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিন।
তৈরি হয়ে গেল মজাদার ছুরি শুটকি ভুনা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
এনএম




