ঈদ মানেই গরুর মাংসের নানা পদ। তবে খালি ভালো মাংস হলেই হয় না— গরুর কোন অংশ কোন রান্নার জন্য উপযুক্ত, সেটাও জানা জরুরি। কেননা মাংসের প্রতিটি অংশের গঠন, চর্বি ও নরমত্ব আলাদা। তাই সঠিক অংশ বেছে নিলে রান্নার স্বাদ বেড়ে যায় কয়েক গুণ।
গরুর কোন অংশের মাংস দিয়ে কী রান্না করবেন জেনে নিন-
বিজ্ঞাপন

কাঁধের মাংস (Chuck)
গরুর কাঁধের মাংসে চর্বি ও স্বাদের ভারসাম্য ভালো থাকে। এই অংশের মাংস ভুনা, কিমা, কারি বা ফ্রাই সব পদের জন্যই উপযুক্ত। হাই হিটে রান্না না করে স্লো হিটে বেশি সময় ধরে রান্না করুন। এতে এই মাংস নরম হয় আর স্বাদ বাড়ে।
পাঁজরের মাংস (Ribs)
বারবিকিউ কিংবা গ্রিলের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় পাঁজরের মাংস। হাড়ের সঙ্গে লেগে থাকা চর্বি ও মাংসের কারণে এতে বাড়তি জুসি স্বাদ পাওয়া যায়। কালাভুনার জন্যও অনেকে এই অংশ পছন্দ করেন।

কোমরের নরম অংশ (Tenderloin)
গরুর সবচেয়ে নরম অংশ হিসেবে পরিচিত টেন্ডারলয়েন। স্টেক, কাবাব কিংবা দ্রুত রান্নার পদে এটি বেশি ব্যবহৃত হয়। কম চর্বিযুক্ত হলেও এই মাংস অত্যন্ত কোমল।
কোমরের মাংস (Sirloin)
স্টেক, গ্রিল ও বারবিকিউ (BBQ)-এর জন্য ভালো এই অংশের মাংস। এতে নরমত্ব ও স্বাদের ভালো সমন্বয় থাকে। ঝটপট রান্নার জন্য এই মাংস উপযোগী।

রানের মাংস (Round)
রানের মাংসে চর্বি কম থাকে। রেজালা, কারি বা স্টেকের জন্য এটি ব্যবহার করা হয়। একটু শক্ত হওয়ায় ধীরে রান্না করলে বেশি স্বাদ পাওয়া যায়।
ঘাড়ের মাংস (Neck)
ঘাড়ের অংশে জেলাটিন বেশি থাকায় নেহারি বা ঝোল জাতীয় রান্নায় দারুণ স্বাদ আসে। দীর্ঘ সময় রান্না করলে মাংস নরম হয়।

বুকের মাংস (Brisket)
বুকের মাংস ধীরে রান্নার জন্য আদর্শ। ভুনা, কাচ্চি বা স্মোকড রান্নায় এটি ভালো লাগে। এতে কিছুটা চর্বি থাকায় রান্না রসালো হয়।
পেট বা ফ্ল্যাঙ্ক (Flank)
বিফ রোল, ঝাল ভুনা বা পাতলা কেটে ভাজি জাতীয় রান্নায় এই অংশ ব্যবহার করা হয়। স্বাদ ভালো হলেও এই অংশের মাংস কিছুটা শক্ত হতে পারে।

শিন বা পায়ের নিচের অংশ (Shank)
এই অংশে হাড়-মজ্জা বেশি থাকে। স্যুপ, নেহারি বা স্ট্যু রান্নার জন্য এটি দারুণ উপযোগী।
লেজ (Oxtail)
অক্সটেইল দিয়ে স্যুপ ও স্ট্যু তৈরি করা হয়। এতে জেলাটিন বেশি থাকায় রান্না ঘন ও সমৃদ্ধ স্বাদের হয়।

এক নজরে কোন পদের জন্য কোন অংশ বেশি জনপ্রিয়
কালাভুনা: পাঁজর ও কাঁধ
ভুনা: বুক ও কাঁধ
নেহারি: পায়ের নিচের অংশ
কাবাব: টেন্ডারলয়েন
ঝোল: ঘাড় ও রান
কিমা: কাঁধের মাংস
রান্নার ধরন অনুযায়ী সঠিক অংশ নির্বাচন করুন। এতে মাংসের স্বাদ, গন্ধ ও টেক্সচার—সবকিছুই হয়ে ওঠে আরও আকর্ষণীয়। তাই এবার ঈদের রান্নায় মাংস কেনার আগে জেনে নিন কোন অংশটি আপনার পছন্দের পদের জন্য সবচেয়ে উপযুক্ত।
এনএম




