গরমের দিনে স্বাভাবিকভাবেই ঘাম বেশি হয়। কিন্তু সেই ঘামের দাগ যখন প্রিয় পোশাকে বসে যায় তখন তা বিরক্তির কারণ হয়ে ওঠে। বিশেষ করে হালকা রঙের পোশাকে এই দাগ বেশি চোখে পড়ে। জামার হাতা, ঘাড়ের কাছে শার্টের কলারের অংশ কালো বা হলুদ হয়ে যায়।
সাধারণত এসব দাগ ডিটারজেন্টে পরিষ্কার করলেও পুরোপুরি ওঠে না। তবে কিছু সহজ ঘরোয়া উপায় জানা থাকলে ঘামের এই একগুঁয়ে দাগ সহজেই দূর করা সম্ভব হয়। কীভাবে? চলুন জানা যাক-
বিজ্ঞাপন

হাইড্রোজেন পারক্সাইড
ঘামের দাগ তোলার ক্ষেত্রে দারুণ একটি উপাদান হাইড্রোজেন পারক্সাইড। এটি এক ধরনের মৃদু ব্লিচের মতো কাজ করে এবং সাদা কাপড়ের দাগ তুলতে বেশ কার্যকর। সম পরিমাণ পানি ও হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে দাগযুক্ত অংশ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে দাগ অনেকটাই হালকা হয়ে যাবে। তবে এটি রঙিন পোশাকে এই উপাদানটি ব্যবহার করা যাবে না। কারণ এতে রং ফিকে হয়ে যেতে পারে।
অ্যাসপিরিন
মাথা ব্যথা কমাতে কার্যকর অ্যাসপিরিন ট্যাবলেট জামা থেকে জেদি ঘামের দাগ দূর করতেও পারদর্শী। দুটি অ্যাসপিরিন গুঁড়ো করে গরম পানি মিশিয়ে দাগের ওপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এটি ঘামের দাগ ভাঙতে সাহায্য করে। কিছুক্ষণ পরে ঘষে ভালো করে ধুয়ে নিন। হলুদ ঘামের দাগ তুলতে এই পদ্ধতিটি অত্যন্ত কার্যকর।

লেবুর রস
যেকোনো জেদি দাগ তুলতেই কার্যকরী ভূমিকা রাখে লেবুর রস। লেবুতে থাকা প্রাকৃতিক অ্যাসিড দাগ হালকা করতে সাহায্য করে। লেবুর রস ও পানি মিশিয়ে দাগের ওপর লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর সামান্য ঘষে ধুয়ে ফেলুন। দাগ দ্রুত উঠে যাবে। বিশেষ করে হালকা দাগের ক্ষেত্রে এই টোটকা বেশি কার্যকর।
লবণ
পোশাক থেকে দাগ তুলতে সাধারণ খাবার লবণও ব্যবহার করতে পারেন। গরম পানিতে লবণ মিশিয়ে সেই লবণ দিয়ে দাগের জায়গা স্পঞ্জ করলে দাগ ধীরে ধীরে উঠে আসে। এরপর সাবান দিয়ে ধুয়ে নিন। কাপড় পরিষ্কার হয়ে যাবে।

বেকিং সোডা
কাপড় থেকে দাগ তোলার আরেকটি অত্যন্ত পরিচিত উপায় হলো বেকিং সোডা বা খাবার সোডার ব্যবহার। এটি একটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। বেকিং সোডা ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের ওপর লাগিয়ে কিছুক্ষণ রাখুন। এই টোটকা দাগ হালকা করে দেয়। পরে ঘষে ধুয়ে ফেললেই পোশাক পরিষ্কার হয়ে যাবে।
এনএম




