আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে প্রসাধনীর ব্যবহারও। শীতে ত্বককে ময়েশ্চারাইজড রাখা যখন মূল লক্ষ্য থাকে, তখন গরমে মূল লক্ষ্য থাকে ত্বক থেকে তৈলাক্ত ভাব দূর করা। তাপমাত্রার প্রভাবে ত্বকে জ্বালা সৃষ্টি হয়। স্বস্তি পেতে তাই অনেকেই ভরসা রাখেন ওয়েট ওয়াইপ বা ভেজা টিস্যুতে। প্রচণ্ড গরমের মধ্যে সুগন্ধিযুক্ত ভেজা টিস্যু দিয়ে মুখ মুছলে আরাম মেলে। পাশাপাশি সহজে দূর হয় ঘাম, ধুলোবালি ও ব্যাকটেরিয়া। কিন্তু এই ভেজা টিস্যু কি ত্বকের জন্য উপকারি? না কি অজান্তেই হচ্ছে ক্ষতি?
কেবল প্রাপ্তবয়স্ক নয়, শিশুদের ত্বকের যত্নেও অনেকে নিয়মিত ওয়েট ওয়াইপ ব্যবহার করেন। রোদ বা ধুলাবালির মধ্যে বাইরে থাকলে কিংবা ত্বক থেকে ময়লা পরিষ্কার করতে সুবিধাজনক এই পণ্যটি ব্যবহার করা হয়। কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ওয়াইপ ব্যবহারে বাড়তি সাবধানতা জরুরি।
বিজ্ঞাপন

ভেজা টিস্যু ব্যবহারে কী কী ক্ষতি হতে পারে?
বার বার ভেজা টিস্যু দিয়ে মুখ মুছলে ত্বকের ওপর জমে থাকা ময়লা উঠে ঠিকই, কিন্তু ত্বকের প্রাকৃতিক তেল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে।
ঘন ঘন এমন টিস্যু ব্যবহার করলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়বে। যার কারণে ত্বকে লালচে ভাব বা জ্বালাপোড়ার অনুভূতি হতে পারে।
বিজ্ঞাপন

এই অভ্যাসের কারণে ফলিকিউলাইটিসের সমস্যা বাড়তে পারে। ভেজা টিস্যু বেশি ব্যবহার করার ফলে রোপকূপ বন্ধ হয়ে সেখানে ব্যাকটেরিয়ার বাড়বৃদ্ধি শুরু হয়। ফলে ত্বকে সংক্রমণ হতে পারে। যা থেকে এই রোগ হওয়ার আশঙ্কা থাকে।
শিশুদের ত্বক প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক বেশি স্পর্শকাতর এবং পাতলা হয়। ফলে, বাইরের কোনো রাসায়নিক উপাদান সহজেই ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে। গবেষণা অনুযায়ী, শিশুর ত্বকের বাইরের স্তর পুরোপুরি তৈরি হওয়ার আগে এই ধরনের টিস্যু ব্যবহার করলে অ্যালার্জি বা জ্বালা ভাব হওয়ার ঝুঁকি বেশি থাকে।

কোন কোন উপাদান থাকলে ভেজা টিস্যু ব্যবহার করবেন না?
অ্যালকোহল: এই উপাদানটি ত্বকে শুষ্কতা তৈরি করতে পারে। পাশাপাশি, ত্বকের বাইরের স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে।
আরও পড়ুন-
সুগন্ধি: এই উপাদান শিশুদের মধ্যে অ্যালার্জি তৈরি করতে পারে। এছাড়া প্রাপ্তবয়স্কদের অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দেয় এটি।
রাসায়নিকযুক্ত সংরক্ষণকারী উপাদান: প্যারাবেন বা মিথাইল আইসোথিয়াজোলাইনোনের মতো উপাদান ত্বকে অ্যালার্জি সৃষ্টি করে কারো কারো ক্ষেত্রে।

সঠিক পণ্য বেছে নিলে এবং সঠিক নিয়মে ব্যবহার করলে ঝুঁকি অনেকটাই কমানো যায়। প্রয়োজনে হাইপোঅ্যালার্জেনিক (যেগুলিতে অ্যালার্জি হওয়ার ঝুঁকি কম), সুগন্ধিহীন এবং অ্যালকোহলমুক্ত ওয়াইপ ব্যবহার করুন। এগুলো তুলনামূলকভাবে মৃদু এবং ত্বকে তেমন জ্বালার কারণ হয়ে দাঁড়ায় না।
অতিরিক্ত ভেজা টিস্যু ব্যবহার করা উচিত নয়। এমন জায়গা, যেখানে পানি বা ক্লিনজারের সুবিধা নেই, সেখানে ব্যবহার করতে পারেন। তা না হলে ব্যবহার না করাই ভালো।
এনএম




