রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

বিবি রাসেলের ফ্যাশন শো দেখে মুগ্ধ আম্মান

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৪, ০৮:৩০ এএম

শেয়ার করুন:

বিবি রাসেলের ফ্যাশন শো দেখে মুগ্ধ আম্মান

মহান স্বাধীনতার ৫৩তম বার্ষিকী এবং জাতীয় দিবস উপলক্ষে জর্ডানে গার্মেন্টস খাতে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের অংশগ্রহণে আম্মানের বাংলাদেশ দূতাবাস একটি অনন্য ফ্যাশন শোর আয়োজন করে। বাংলাদেশি ফ্যাশন আইকন বিবি রাসেলের পরিচালনায় গত ৩০ এপ্রিল সন্ধ্যায় আম্মানের একটি পাঁচ তারকা হোটেলে এ ফ্যাশন শো হয়।

আরও পড়ুন: গরমে আরাম দেবে রঙ বাংলাদেশের টি-শার্ট 

ফ্যাশন শোর প্রধান অতিথি ছিলেন, জর্ডানের প্রধানমন্ত্রী বিষয়ক প্রতিমন্ত্রী ওয়াজিহ তাইয়েব আজাইজেহ। এছাড়াও আম্মানস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রটোকল প্রধানসহ জর্ডানের অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

Pic_1

রাষ্ট্রদূত নাহিদা সোবহান তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা তুলে ধরেন। পোশাক শিল্প, ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যালস, আইটি এবং জাহাজ নির্মাণের মতো বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতির ফলে বাংলাদেশ এখন বিশ্ব বাজারে একটি বিশিষ্ট অবস্থান দখল করেছে এবং বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে ।

Pic_3

জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, গার্মেন্টস শিল্প থেকে মেয়েদেরকে বিবি রাসেলের মডেল হিসেবে এমন একটি মর্যাদাপূর্ণ ফ্যাশন শোতে সম্পৃক্ত করা অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার একটি ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশের মানুষের জীবন, উৎসব, আধ্যাত্মিকতা, পোশাক এবং সামাজিক সম্প্রীতি ফ্যাশন শোতে প্রতিফলিত হয়েছে।

তিনি আরও বলেন, পোশাক রপ্তানিতে বাংলাদেশকে বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক হিসেবে গড়ে তোলার পেছনে সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী থেকে উঠে আসা নারী পোশাক শ্রমিকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নকে অগ্রাধিকার দেয়া বাংলাদেশের দ্রুত অগ্রগতির চাবিকাঠি বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।

Pic_2

বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের ‘দ্য ম্যাজিকাল থ্রেডস অব বাংলাদেশ’ শিরোনামের ফ্যাশন শোতে অতিথিরা মুগ্ধ হন । শোতে মডেল হিসেবে ছিলেন প্রবাসী বাংলাদেশি ও জর্ডানের নারী পোশাক শ্রমিকরা।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর