শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

আপিলের অনুমতি মেলেনি, রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

আপিলের অনুমতি মেলেনি, রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই
ছবি: সংগৃহীত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না। হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেও তা পাননি সংগঠনটির পরিচালক মো. মঞ্জুরুল ফরহাদ ফিলিপ। ফলে রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় হাইকোর্টের আদেশ বহাল রয়েছে।

গত ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল বিন আজাদের স্বাক্ষরিত একটি সনদপত্রে এ তথ্য জানানো হয়।

সনদপত্র অনুযায়ী, রিহ্যাবের পরিচালক মো. মঞ্জুরুল ফরহাদ ফিলিপ হাইকোর্টের গত ১ নভেম্বরের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন। তবে সুপ্রিম কোর্টের চেম্বার জজ তাঁর আবেদন খারিজ করে দেন। এ বিষয়ে সনদপত্রে বলা হয়েছে, ‘The prayer is refused.’

এর আগে রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রাজ্জাকের দায়ের করা রিট পিটিশন নম্বর ১০৪৩৬/২০২৬-এর শুনানি শেষে গত ১ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন।

মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় রিহ্যাবকে নিয়মিত বা রুটিন কার্যক্রমের বাইরে সভা ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। এর ফলে সংগঠনটির বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা (এজিএম), আবাসন মেলা ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

হাইকোর্টের আদেশে মন্ত্রণালয়ের নির্দেশনার কার্যকারিতা স্থগিত হওয়ায় রিহ্যাবের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়। পরবর্তী সময়ে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদনও প্রত্যাখ্যাত হওয়ায় হাইকোর্টের আদেশের কার্যকারিতা বহাল রয়েছে।

এ অবস্থায় রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদ সভা-সেমিনার, এজিএম, আবাসন মেলাসহ সংগঠনের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, দেশের আবাসন খাতের গুরুত্বপূর্ণ এ সংগঠনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে আদালতের এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।
এমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর