বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তিনি আটটি কারণ উল্লেখ করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে দীপের আইনজীবী মুতাসিম বিল্লাহ রিমান্ড বাতিলের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, তাহসিফ সাউরি মৃত্যুর আগে সন্দেহভাজন আসামি দীপ ও জেরিকা তাসনিম দিশার সঙ্গে ঘোরাফেরা করেছেন এবং বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে শেষবার তাহসিফকে তাঁদের সঙ্গে দেখা গেছে। এ কারণে মামলার ঘটনায় তাঁদের সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
রিমান্ড আবেদনে পুলিশ আটটি কারণ দেখিয়েছে। এগুলো হলো—সংগৃহীত সিসিটিভি ফুটেজ দীপের উপস্থিতিতে যাচাই-বাছাই ও বিশ্লেষণ করা; নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে তাহসিফের সঙ্গে অবস্থানকালে ১৫ থেকে ২০ মিনিটের জন্য অন্যত্র গিয়ে দীপ কোথায় যোগাযোগ করেছিলেন, তা খতিয়ে দেখা; তাহসিফ, দীপসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) সংগ্রহ ও পর্যালোচনা করা; হত্যার রহস্য উদ্ঘাটন; অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার; আলামত উদ্ধার; হত্যার উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহ এবং হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় আসা তাহসিফ সাউরির ভাসমান লাশ গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ-পুলিশ।
এর আগে ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসার নিচে নেমে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তাহসিফ। দীপের ভাষ্য, ২৯ অক্টোবর তিনি তাহসিফের সঙ্গে একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেয়েছিলেন। পরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাঁর কাছ থেকে আলাদা হয়ে যান।
তিন দিনেও মামলা না হওয়ায় দীপকে নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে ৩০ অক্টোবর রাতে তাঁকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই রাতেই তাহসিফের বাবা হত্যা মামলা করেন। এরপর দীপকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়। মাদকস্পট হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথাও স্বীকার করেন দীপ। পরে শুক্রবার তাঁকে নিয়ে টঙ্গীর ওই এলাকা পরিদর্শন করেন পিবিআই কর্মকর্তারা।
এদিকে এ মামলায় তাহসিফের বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে রোববার চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। ঘটনার দিন রাতে উত্তরার একটি বারে তাহসিফের সঙ্গে দিশাকে দেখা গিয়েছিল।
এআর




