পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম। শনিবার (১৭ অক্টোবর) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন। পরে সেটি আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগে পাঠানো হয়েছে।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই রাষ্ট্রের আইন কর্মকর্তাদের ধারাবাহিক পদত্যাগের ঘটনা ঘটছে। শিউলী খানমও সেই তালিকায় যুক্ত হলেন।
এরআগে, গত ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেন। নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
তারও আগে, ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা। এর ঠিক দুদিন আগে ৭ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেছিলেন রাষ্ট্রের পাঁচ আইন কর্মকর্তা।
তারা হলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।
এ ছাড়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর সম্প্রতি পদত্যাগপত্র জমা দেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম।
এরও আগে গত জুন মাসে সরকারের কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জামায়াত-সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছিলেন।
সে সময় পদত্যাগকারী আইন কর্মকর্তা তারিকুল ইসলাম জানিয়েছিলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তারা যৌথভাবে ওই পদক্ষেপ নিয়েছিলেন।
পরবর্তীতে গত ৩০ জুলাই সলিসিটর অনুবিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৬৫ জন নতুন আইন কর্মকর্তা নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন। ওই আদেশের মাধ্যমে আগের সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়।
তবে নতুন নিয়োগের পর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ আন্দোলন করে আসছেন। এ নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বর্তমান আইন কর্মকর্তাদের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভের পাশাপাশি হামলার অভিযোগের ঘটনাও ঘটেছে।
আরএনবি/এসআই




