মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

কারাগারে থাকবেন জিয়াউল আহসান, বিচার হবে ভার্চুয়ালি: প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০২:১২ পিএম

শেয়ার করুন:

কারাগারে থাকবেন জিয়াউল আহসান, বিচার হবে ভার্চুয়ালি: প্রসিকিউটর
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কারাগারে রেখেই ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি জানিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, ‘আজকে থেকেই জিয়াউল আহসানকে জেলখানায় রেখে ভার্চুয়ালি ট্রাইব্যুনালে উপস্থিত করে মামলা পরিচালিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’

তিনি জানান, কারাগার ও ট্রাইব্যুনালে অডিও-ভিজ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে বিচারকাজ পরিচালনার পূর্ণ ব্যবস্থা রয়েছে। কোভিডকালেও এভাবে ভার্চুয়ালি বিচারকাজ চলেছে। এই ব্যবস্থায় কারাগারে থেকেই জিয়াউল আহসান ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের বক্তব্য শুনতে পারবেন।

এরআগে, গত ৮ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন জিয়াউল আহসান। বিচারকদের অনুমতি নিয়ে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে সরাসরি নিজের বক্তব্যও তুলে ধরেন।

গত ১৬ সেপ্টেম্বর থেকে জিয়াউল আহসানকে একটি প্রিজন ভ্যানে একাই ট্রাইব্যুনালে আনা হচ্ছিল। ৮ অক্টোবর তার আইনজীবীরা আবেদন করেন, তাকে একা না এনে যেন অন্য আসামিদের সঙ্গে একই প্রিজন ভ্যানে আনা-নেওয়া করা হয়।

তবে প্রসিকিউশন তার নিরাপত্তার বিষয়ে একমত হলেও অন্য আসামিদের সঙ্গে একই ভ্যানে আনার আবেদনে আপত্তি জানায়। তাদের যুক্তি ছিল, জিয়াউল আহসানের ওপর কোনো হামলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সঙ্গে থাকা অন্য আসামিরাও নিরাপত্তা ঝুঁকিতে পড়বেন। এই প্রেক্ষাপটে তাকে আদালতে সশরীরে হাজির না করে কারাগারে রেখেই ভার্চুয়ালি শুনানির আবেদন করে প্রসিকিউশন, যা মঙ্গলবার মঞ্জুর করল ট্রাইব্যুনাল।

তদন্ত কর্মকর্তার জেরা

এদিকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় হওয়া এ মামলায় তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে আজ মঙ্গলবার জেরা করার কথা রয়েছে আসামিপক্ষের। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের পক্ষে আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহারসহ একটি প্যানেল এ জেরা পরিচালনা করবেন।

এর আগে গত ৮ অক্টোবর এ মামলার একমাত্র আসামি জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষ হয়। তিন দিনের সাক্ষ্যে তিনি সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের তথ্য তুলে ধরেন।

সাক্ষ্যে তিনি উল্লেখ করেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যখনই জনসম্মুখে আসত, তখন সেটিকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে ‘লোক-দেখানো’ প্রশাসনিক নির্বাহী তদন্ত করা হতো।

সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলাও রয়েছে।

আরএনবি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর