বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সুপ্রিম কোর্টে রাত ১১টার পর প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

সুপ্রিম কোর্টে রাত ১১টার পর প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি- সংগৃহীত

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাতের বেলা প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে।

এখন থেকে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত আদালত এলাকায় ঢুকতে হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা দাফতরিক পরিচয়পত্র দেখাতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, জরুরি প্রয়োজনে উল্লিখিত সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে চাইলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চাহিদামতো এনআইডি কার্ড বা অফিশিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

এই কড়াকড়ি আরোপের প্রেক্ষাপট তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন কোর্ট রুমে বিচারকাজ পরিচালনা করেন। ফলে প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি এবং মামলা পরিচালনায় নিযুক্ত আইনজীবীদের পাশাপাশি এই গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এর আগে, সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র বহনের সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি আদালত প্রশাসনের নজরে এসেছে যে, রাতে সুপ্রিম কোর্ট এলাকায় ‘অপ্রত্যাশিত ব্যক্তিবর্গ’ প্রবেশ করছেন, যা সুপ্রিম কোর্টের নিরাপত্তাকে বিঘ্নিত করছে।

এ অবস্থায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাতের বেলা প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র প্রদর্শনের এই নতুন নির্দেশনা জারি করা হলো।

আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও চাওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরএনবি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর