বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামীর বহিস্কৃত নেতা ও সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত রিমান্ডের এই আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গাজী নজরুল ইসলামের প্রথম দফার রিমান্ড শেষে আদালতে এদিন সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন।

আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় ডিসিস্ট খুবই আবেগি ছিল। অভিমান করে আত্মহত্যা করে এবং পারিবারিকভাবে বিভিন্ন প্রকার ঝামেলার দরুন এই ঘটনা ঘটিয়েছে বলে তদন্তকালে জানা যায়।

মামলাটি একটি চাঞ্চল্যকর মামলা এবং মামলার মূল রহস্য উদঘাটনের জন্য আসামিকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ একান্ত প্রয়োজন। মামলাটির সৃষ্ট তদন্ত ও ন্যায় বিচারের জন্য মামলার মূল রহস্য উদঘাটনের জন্য আসামিকে পুনরায় ৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডে নেওয়া প্রয়োজন।

আদালতে গাজী নজরুল ইসলামকে হাজিরও করা হয়। তবে আসামি পক্ষ থেকে রিমান্ড আবদেন বাতিল চেয়ে জামিনের আবেদন জানানো হয়। তবে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। পরে আবেদনের শুনানি নিয়ে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন তাঁর বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামের চার দিন ও মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রিমান্ড শেষে মাকছুদা বেগমকে ২২ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়েছে। আর নজরুল ইসলামকে চার দিনের রিমান্ড শেষে আজ আবার রিমান্ড চেয়ে আবেদন করেছে।

এ ছাড়া গতকাল বুধবার এই মামলার তৃতীয় আসামি ভুক্তভোগীর মামা ওবায়দুর রহমানকে ঢাকার বাইরে থেকে গ্রেফতার করে এসআরবি–২। এরপর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর