বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৫ জেলায় পুকুর ভরাট ও দখল রোধে ডিসিসহ ১৫ জনকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

৫ জেলায় পুকুর ভরাট ও দখল রোধে ডিসিসহ ১৫ জনকে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

দেশের পাঁচটি জেলা শহরে শত শত পুকুর ভরাট ও অবৈধ দখল বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকসহ (ডিসি) ১৫ জনকে আইনি নোটিশ পাঠিয়েছে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এইচআরপিবির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ ডাকযোগে এই নোটিশ পাঠান।

যাদের নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন— বগুড়া, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং পরিবেশ অধিদফতরের পরিচালক।

নোটিশে বলা হয়েছে, দেশের পরিবেশ সুরক্ষা বিবেচনায় সরকার ২০০০ সালে ‘জলাধার সংরক্ষণ আইন’ পাস করে। এই আইন অনুযায়ী শহর এলাকায় পুকুর বা জলাধার ভরাট করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং ভরাট ও দখলের সঙ্গে জড়িতদের শাস্তির বিধান রাখা হয়েছে।

সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, বগুড়া ও সিলেট জেলা শহরে শত শত পুকুর দখল ও ভরাট করা হচ্ছে মর্মে একটি বেসরকারি টেলিভিশনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন নজরে আসার পর জনস্বার্থে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট জেলাগুলোতে দখল ও ভরাট হওয়া পুকুরগুলো পুনরুদ্ধার করার ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে বর্তমানে যে সকল পুকুর টিকে আছে, সেগুলো যাতে আর কেউ ভরাট বা দখল করতে না পারে সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করা হলে এই ১৫ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরএনবি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর