রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফ কারাগারে, তদন্ত প্রতিবেদন ২৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফ কারাগারে, তদন্ত প্রতিবেদন ২৫ অক্টোবর
বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ। ছবি- সংগৃহীত

বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসঙ্গে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। বেঞ্চের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে একটি মাইক্রোবাসে করে উইং কমান্ডার সাইফকে ট্রাইব্যুনালে আনা হয়।

শুনানিতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন।  অন্যদিকে, জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী তাবারক হোসেন।

শুনানিতে তাবারক হোসেন বলেন, ‘সাইফুর রহমান ২০০৩ সালে বিমান বাহিনীতে কমিশনপ্রাপ্ত একজন চৌকস কর্মকর্তা। তার বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল না। অনেক আসামি পালিয়ে গেলেও তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ট্রাইব্যুনালের মুখোমুখি হয়েছেন। তাকে বিমান বাহিনীর হেফাজতে রেখে জামিনের সুযোগ দেওয়ার জন্য আমরা আবেদন করছি।’

এর বিপরীতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘সাইফুর রহমানের বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ পেয়েছি এবং আমাদের কাছে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ রয়েছে। ইলিয়াস আলীর গুমের ঘটনা ছাড়াও আরও বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য মিলেছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন।’

উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাইফকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী এবং তার গাড়িচালক আনসার আলী। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই নিখোঁজ রহস্য অমীমাংসিত থাকলেও সম্প্রতি এর বিচার প্রক্রিয়া শুরু হয়।

প্রসিকিউশন জানায়, শতাধিক গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম উঠে আসে। এরপর গত ২৬ জুলাই রাতে বাসা থেকে তাকে আটক করে বিশেষ সামরিক পুলিশ শাখা।

৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

তদন্ত কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী, ইলিয়াস আলী গুমের ঘটনায় সাইফুর রহমানের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আরএনবি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর