সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির বিরুদ্ধে দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টার পাঁচ মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৭ আগস্ট) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে দীপু মনির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদুল আলম দোহা।
আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, রাজধানীর আদাবর, বাড্ডা, শাহবাগের দুটি এবং গাজীপুরের গাছা থানায় দায়ের করা মোট পাঁচটি মামলায় এই রুল দেওয়া হয়েছে। এ ছাড়া আগে ১৬টি মামলায় জারি করা রুলগুলো শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
আরেক আইনজীবী রমজান আলী শিকদার বলেন, এখন পর্যন্ত দীপু মনির বিরুদ্ধে ৩৮টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুটি মামলা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাকি মামলাগুলো দেশের বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে ডা. দীপু মনি পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। পরে ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর থেকে তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার উসকানি দেওয়ার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে ডজনেরও বেশি মামলা দায়ের করা হয়।
বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
আরএনবি/এফএ




