সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের আদেশ কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম

শেয়ার করুন:

৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট আদেশ কাল

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং আগামী ২০ আগস্টের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট আবেদনের ওপর আগামীকাল মঙ্গলবার আদেশ দেবেন হাইকোর্ট।

সোমবার (১৭ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির ওপর শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য যে দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন, সেই দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে রিট আবেদনে দাবি করা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে রিটের বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, রিট আবেদনটি গ্রহণযোগ্য নয় এবং এটি খারিজযোগ্য।

তিনি যুক্তি দেখান যে, রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ এর আগেও ৭০ অনুচ্ছেদ নিয়ে একই ধরনের একটি আবেদন করেছিলেন যা হাইকোর্ট খারিজ করে দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে যাননি।

অন্যদিকে আইনজীবী ইউনুছ আলী আকন্দ শুনানিতে বলেন, ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীনভাবে সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ সংকুচিত করে। এর ফলে সংসদের স্বাধীনতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রিট আবেদনে ৭০ অনুচ্ছেদ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এ ছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত রাখার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে।

গত ২ আগস্ট এই রিট আবেদনটি দায়ের করা হয়েছিল। মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবেন।

আরএনবি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর