রাজধানীর আদাবর এলাকা থেকে ছাত্র জাকির হোসেনকে গুম করার মামলায় আগামী ২৭ আগস্ট র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল আব্দুল্লাহ আল মোমেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগমস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
প্রসিকিউশন জানায়, জাকির হোসেনকে গুম করার অভিযোগে আব্দুল্লাহ আল মোমেনকে গ্রেফতার দেখানোর জন্য ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ চেয়ে গত বৃহস্পতিবার আবেদন করা হয়েছিল। সেই আবেদন মঞ্জুর করে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করার নির্দেশনা দেন আদালত।
মামলার তথ্য বিবরণ থেকে জানা গেছে, ভুক্তভোগী মো. জাকির হোসেন একজন ছাত্র। তাকে রাজধানীর আদাবর এলাকা থেকে তুলে নেওয়া হয়েছিল। গুম হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
অভিযুক্ত আব্দুল্লাহ আল মোমেন র্যাবের গোয়েন্দা বিভাগে কর্মরত থাকাকালীন এই গুমের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
বর্তমানে তিনি ‘টিএফআই সেল’ সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
নতুন এই গুমের মামলায় তাকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রসিউশন সূত্র জানায়।
আরএনবি/এএম




