সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

সালাহউদ্দিন আহমেদকে গুম: জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

সালাহউদ্দিন আহমেদকে গুম: জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
পুলিশের কব্জায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান

পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার সালাহউদ্দিন আহমদকে গুম করার অভিযোগে র‍্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানোর জন্য ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ চেয়ে  আবেদন করেছিলেন প্রসিকিউশন।

সোমবার আদালত সেই আবেদন মঞ্জুর করে জিয়াউল আহসানকে আগামী ২৭ আগস্ট উপস্থিত করার নির্দেশনা দেন।

প্রসিকিউশন জানান, জিয়াউল আহসান বর্তমানে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। নতুন এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আইনি প্রক্রিয়া হিসেবে এই ওয়ারেন্ট জারি করা হয়েছে।

২০২৫ সালের ৩ জুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দায়ের করেন সালাহউদ্দিন আহমদ।

মামলার অন্য আসামিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক দুই আইজিপি বেনজীর আহমেদ ও একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়া হয়। দীর্ঘ ৬২ দিন নিখোঁজ থাকার পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে তার সন্ধান পায় স্থানীয় পুলিশ। বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে সেখানে তার বিরুদ্ধে মামলা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ১১ আগস্ট দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে আসেন সালাহউদ্দিন আহমদ। বর্তমান বিএনপির নেতৃত্বাধীন সরকারে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

আরএনবি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর