সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

শতভাগ বিদেশি কোম্পানিতেও লভ্যাংশের ৫% পাবেন শ্রমিকরা: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

শতভাগ বিদেশি কোম্পানিতেও লভ্যাংশের ৫% পাবেন শ্রমিকরা: হাইকোর্ট

শতভাগ বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশ দিয়ে ‘অংশগ্রহণ তহবিল’ ও ‘কল্যাণ তহবিল’ গঠন নিশ্চিত করতে সরকারকে বিধিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে শ্রম আইনের বিধান অনুযায়ী এই বিধিমালা প্রণয়ন করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত জারি করা রুল ‘অ্যাবসলিউট’ (যথাযথ) ঘোষণা করে সোমবার (৩ আগস্ট) বিচারপতি কে এম হাফিজুল আলম এবং বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালত রায়ে শ্রম আইনের ধারা ২৩৪(২) এবং অধ্যায় ১৫-এর প্রয়োগ নিশ্চিত করে দ্রুত বিধিমালা তৈরির নির্দেশ দিয়েছেন। দেশের সব শ্রমিক যাতে আইন অনুযায়ী তাদের লভ্যাংশের অংশ ও কল্যাণের অধিকার পান, তা নিশ্চিত করতে বলা হয়েছে সরকারকে।

২০১৮ সালে ‘অন মোবাইল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’-এর কর্মকর্তা রোকসানারা আহমেদ লভ্যাংশের ৫ শতাংশ অর্থ প্রাপ্তি নিশ্চিত করতে একটি রিট পিটিশন দায়ের করেন। সেখানে শ্রম আইনের ২৩২(৩) ধারা অনুযায়ী বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য বিধিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়। ওই বছরের ৯ ডিসেম্বর আদালত প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছিলেন।

আজ চূড়ান্ত শুনানি শেষে আদালত এই রায় দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মন্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী  খালেদ হামেদ চৌধুরী এবং অন মোবাইলের পক্ষে শুনানি করেন আইনজীবী ফারাবি তৌসিফ।

শুনানিতে আইনজীবী  মনজিল মোরসেদ বলেন, ‘২০০৬ সালে শ্রম আইন প্রণীত হওয়ার পর ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে ২৩২(৩) ধারা অন্তর্ভুক্ত করা হয়। সেখানে স্পষ্ট বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলোর নিট মুনাফার ৫ শতাংশ শ্রমিকদের অংশগ্রহণ তহবিলে দিতে হবে। আইনে বিস্তারিত বলা থাকলেও সরকার বিধিমালা না করায় শ্রমিকরা দীর্ঘ সময় ধরে তাদের এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘অন মোবাইল কোম্পানি ২০১৬-২০১৭ অর্থ বছরে কোটি টাকা মুনাফা করলেও তারা সেই লভ্যাংশ শ্রমিকদের দেয়নি। সরকার বিধিমালা যখনই প্রণয়ন করুক না কেন, আইন অনুযায়ী শ্রমিকদের লভ্যাংশ পাওয়ার অধিকার ক্ষুণ্ন হওয়ার কোনো সুযোগ নেই।’

শুনানি চলাকালে আইনজীবী মনজিল মোরসেদ গত ২৯ আগস্ট বিচারপতি ফারাহ মাহবুবের দেওয়া অন্য একটি রিট মামলার রায়ের প্রসঙ্গও আদালতকে অবহিত করেন। আদালতের এই রায়ের ফলে এখন থেকে বাংলাদেশে কর্মরত সকল বিদেশি কোম্পানির শ্রমিকদের মুনাফায় অংশীদারত্ব নিশ্চিত হওয়ার পথ সুগম হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আরএনবি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর