হাম-রুবেলা টিকার সংকট সৃষ্টি করে শিশুদের মৃত্যুর ঝুঁকিতে ফেলার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তার স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
সোমবার (৮ জুন) কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করেন।
বিজ্ঞাপন
বাদীপক্ষের আইনজীবী সালাউদ্দিন লস্কর জানান, মামলার আবেদন জমা দেওয়া হয়েছে, তবে এখনো শুনানি হয়নি।
মামলায় ড. মুহাম্মদ ইউনূস ও নূর জাহান বেগম ছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে আসামি করার আবেদন জানানো হয়েছে।
মামলার আবেদনে বলা হয়েছে, বাংলাদেশে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে হাম-রুবেলাসহ প্রয়োজনীয় টিকা নিয়মিতভাবে দেওয়া হয় এবং এসব টিকা দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে আমদানি করা হয়ে আসছে। কিন্তু ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাম-রুবেলার টিকা আমদানি বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও প্রায় দেড় বছর সময়ক্ষেপণের কারণে দেশে টিকার তীব্র সংকট সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
বাদীর দাবি, টিকার অভাবে লাখ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে পড়ে এবং দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করে। আবেদনে অভিযোগ করা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার ও দায়িত্বে চরম অবহেলার মাধ্যমে শিশুদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন।
মামলার নথিতে আরও উল্লেখ করা হয়, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স গত ২০ মে গণমাধ্যমে জানান যে, হাম-রুবেলা টিকার সম্ভাব্য সংকট সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। টিকার সরবরাহ ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানানো হয়েছিল। তবে সেই সতর্কবার্তায় গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
আবেদনে বলা হয়, সরকারি হিসাব অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ৮০ হাজার শিশু হামের উপসর্গ নিয়ে বা হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। একই সময়ে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলেও দাবি করা হয়েছে।
বাদীর অভিযোগ, দায়িত্বে অবহেলা, কু-উদ্দেশ্য ও দুর্নীতিপরায়ণ মানসিকতার কারণে টিকা সরবরাহ ব্যাহত হয়েছে, যার ফলে দেশে হামের ব্যাপক বিস্তার ঘটেছে। এ ঘটনায় আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী এবং তারা জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছেন বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
মজিবুর রহমান ইকবাল দাবি করেন, তিনি প্রথমে রাজধানীর বনানী থানায় মামলা করতে গিয়েছিলেন। তবে আসামিরা প্রভাবশালী ব্যক্তি হওয়ায় থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়।
জেবি




