বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলাসহ তিন মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
এর আগে এই তিন মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি অ্যাডভোকেট হিসেবে আইন পেশার সঙ্গেও যুক্ত।
২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার অভিযোগের মামলায় সাবেক এই মন্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর এই মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।
এর আগে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার গোপীবাগের রাইয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টারের মালিক রফিকুল ইসলামকে হত্যার মামলায় নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানো হয়। ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশ।
রফিকুল ইসলামের স্ত্রী নাজিয়া আক্তার ২০২৪ সালের ২৮ আগস্ট এই মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৯৫ জনকে আসামি করা হয়।
বিজ্ঞাপন
এছাড়া যাত্রাবাড়ী থানায় ইমরান হোসেন নামে এক তরুণের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নুরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করা হয়।
এমআই




