মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

হত্যার পর লাশ গুম: সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ডে

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

হত্যার পর লাশ গুম: সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ডে

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া রিকশাচালক আল আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় প্রধান আসামি সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক নাহিদা আকতার জুলিয়েট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


বিজ্ঞাপন


এর আগে সকাল ১০টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। মামলাটির শুনানির জন্য গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সাবেক ওই মন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজনভ্যানে পুলিশের পাহারায় পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়।

গত বছরের ২ ডিসেম্বর সকাল ১০টার দিকে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশরাফুজ্জামান সাবেক রেলপথমন্ত্রী সুজনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

আদালত সূত্র জানায়, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আল আমিন। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন।

এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। অপর আসামিদের মধ্যে পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, একই আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আবু  নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাদিক প্লাবন পাটোয়ারী, পঞ্চগড় পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম, হাসনাত মো. হামিদুর রহমান, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বলসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞাপন


এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর