শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

ইসলামপুর পৌর মেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০২৪, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

ইসলামপুর পৌর মেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত
ফাইল ছবি

জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের সেখকে বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (৬ মে) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে কাদেরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।

এর আগে, গত ২৯ এপ্রিল জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার সরকারি গুদামের মালামাল লুটসহ বিভিন্ন অভিযোগে মেয়র মো. আব্দুল কাদের সেখকে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আব্দুল কাদের সেখ ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং টানা তৃতীয়বারের মতো পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন

গাইবান্ধায় ১৭৯টি অবৈধ ইটভাটা উচ্ছেদে রুল

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে উক্ত পৌরসভার ১১ জন কাউন্সিলর কর্তৃক আনিত স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগগুলো তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ (১) (খ) (ঘ) এবং (২) অনুযায়ী তাকে মেয়রের পদ থেকে অপসারণ করা হলো।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী— পৌরসভা বা রাষ্ট্রের হানিকর কার্যকলাপে জড়িত থাকা এবং অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ইসলামপুর পৌরসভার মেয়রের পদ থেকে আব্দুল কাদের সেখকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পরে এই আদেশের বিরুদ্ধে রোববার (৫ মে) হাইকোর্টে আবেদন করেন আব্দুল কাদের সেখ। আজ শুনানি শেষে আদালত সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন।

এআইএম/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর