কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের জায়গা নিয়ে নেবে এমন আশঙ্কার কথা কমবেশি আমরা সবাই শুনেছি। তবে সম্ভাবনার কথাটি আমরা কতজনই বা জানি? জি, কর্মসংস্থানের সংকট যেমন বাড়ার আশঙ্কা রয়েছে তেমনি রয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগও। এআইয়ের বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে চাকরির বাজারে পরিবর্তন আসছে। নিয়োগদাতারা এখন প্রযুক্তির ব্যবহার জানাকে গুরুত্ব দিচ্ছে। তাই বলে মানুষের সঙ্গে যোগাযোগ ও সমস্যা সমাধানের দক্ষতাগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে না। বরং এর চাহিদাও পাল্লা দিয়ে বাড়েছে।
সম্প্রতি প্রকাশিত দুটি আন্তর্জাতিক প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, ক্রমবর্ধমান পরিবর্তনশীল চাকরির বাজারের এআই ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, তথ্য বিশ্লেষক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের চাহিদা বাড়ছে। পাশাপাশি কর্মীর চাহিদা রয়েছে গ্রাহকসেবা খাতেও।

২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিশ্বের দেড় হাজারের বেশি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ডব্লিউটিডব্লিউ। ২ নভেম্বর প্রকাশিত ‘কিউ থ্রি ২০২৬ ট্যালেন্ট ইন্টেলিজেন্স রিপোর্ট’ নামের এই প্রতিবেদনে বলা হয়, পেশা হিসেবে বিশ্বব্যাপী চাহিদার তুঙ্গে রয়েছে কাস্টমার সার্ভিস প্রতিনিধি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
তবে শীর্ষ ২০টি পেশার অর্ধেকই হচ্ছে প্রযুক্তি, পণ্য ব্যবস্থাপনা ও তথ্য বিশ্লেষণসংশ্লিষ্ট। এর মধ্যে সাইবার নিরাপত্তা প্রকৌশলী, ডেটা সায়েন্টিস্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপার, ডেটা ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ও এআই ইঞ্জিনিয়ার পেশাও রয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, বর্তমানে দ্রুত বিকাশমান দক্ষতাগুলোর শীর্ষে রয়েছে এআই এজেন্ট প্রযুক্তি। সেইসঙ্গে বাড়ছে জেনারেটিভ এআই ও এআই ব্যবস্থাপনার দক্ষতার চাহিদাও। পাশাপাশি গুরুত্ব পাচ্ছে কর্মপ্রক্রিয়া স্বয়ংক্রিয় করা এবং তথ্য বিশ্লেষণের ফল সহজভাবে উপস্থাপনের দক্ষতা।
এদিকে, ২৭ অক্টোবর লিংকডইন প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়, এআইয়ের কারণে বিশ্বে প্রায় ২০ লাখ নতুন চাকরি তৈরি হয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ভারত, ব্রাজিল ও কানাডা-এই সাতটি দেশে দ্রুত বর্ধনশীল ১০টি পেশার মধ্যে ছিল এআই ইঞ্জিনিয়ার।

যুক্তরাষ্ট্রে এআই ইঞ্জিনিয়ার পদে প্রাথমিক পর্যায়ের নিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় ৬৮ শতাংশ বেড়েছে। ভারতে এই বৃদ্ধির হার ৫৫ শতাংশ।
এ ছাড়া, গত ১২ মাসে এআই ব্যবহারের মৌলিক দক্ষতা চেয়ে প্রকাশ করা চাকরির বিজ্ঞাপনের সংখ্যা প্রায় ৬৫ শতাংশ বেড়েছে।
বর্তমানে এআইয়ের প্রভাব শুধু প্রযুক্তি খাতের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিপণন, নকশা, প্রকল্প ব্যবস্থাপনা, প্রশাসন ও লেখালেখির মতো পেশাগুলোতেও এআই ব্যবহারের দক্ষতার চাহিদা বাড়ছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গ্রাহকসেবা, বিক্রয় ও ব্যবস্থাপনা খাতে মানুষের যোগাযোগ দক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার চাহিদাও।
এএ




