৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রিলিমিনারির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ নভেম্বর) কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫১তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হল, আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরবর্তী সময়ে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে পিএসসি।
চিকিৎসকদের জন্য আয়োজিত ৫১তম বিশেষ বিসিএসে চূড়ান্তভাবে মোট ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী আবেদন করেছেন।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এএম




