জীবনে কে না সফল হতে চায়? কেউ ক্যারিয়ারে, কেউ পড়াশোনায়, আবার কেউ ব্যক্তিগত জীবনে। সফল হওয়ার স্বপ্ন সবাই দেখেন। তবে বাস্তবে সেটিকে রূপ দিতে পারে ক’জন? ব্যক্তিভেদে আবার সফলতার সংজ্ঞাও হয় ভিন্ন। একজনের কাছে যে জিনিসের কোনো মূল্যই নেই আরেকজনের কাছে সেটি অর্জন করাটাই সফলতা। আবার কোনো কোনো মনীষী বলেন, সফলতা কোনো গন্তব্য না। কোথাও পৌঁছে যাওয়াটাই সফলতার সংজ্ঞা নয়। সফলতা হলো সফল হওয়ার এক দীর্ঘ যাত্রা। আর এই যাত্রা সবাই পূর্ণ করতে পারে না। মাঝপথে হারিয়ে যান অনেকেই। চলুন সফলতার উক্তিগুলো থেকে জেনে নিই সফলতা কী। কীভাবে জীবনে সত্যিকারের সফলতা আসে-
সফলতা কী
সাধারণ অর্থে সাফল্য বা সফলতা হলো নিজের নির্ধারিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে পারা। অর্থ, ক্ষমতা বা খ্যাতির বাইরেও শব্দটির পরিধি ব্যাপক। একজনের কাছে সফলতা হতে পারে ক্যারিয়ারের শীর্ষবিন্দু। আবার আরেকজনের কাছে তা মানসিক শান্তি বা সুস্বাস্থ্য। সফলতা নিয়ে নানা-মুনীর নানা মত রয়েছে। বিল কসবি ব্যর্থতাকে গ্রহণ করতে নারাজ। তিনি মনে করেন ‘মানুষের জন্মই হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয় ।’
নেলসন ম্যান্ডেলার কাছে ব্যর্থতার থাবা থেকে বেঁচে বার বার ঘুরে দাঁড়ানোর নামই সফলতা। তিনি বলেন, ‘আমাকে আমার সফলতা দিয়ে বিচার করো না; ব্যর্থতা থেকে কতবার ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে করো।’
তার মানে, জীবনে আপনি কতবার ব্যর্থ হয়েছেন সেটি আপনার মূল্য নির্ধারণ করে না। আপনি কতবার সাহস করে ঘুরে দাঁড়াতে পেরেছেন সেটিই সফলতা। তাই থেমে যাবেন না। সফল হওয়ার চেষ্টা করতে থাকুন। এরিস্টটলের মতে, ‘ব্যর্থ হওয়ার নানা উপায় আছে তবে সফল হওয়ার উপায় একটাই।’
জীবনে সফল হওয়ার উপায়
ফেসবুকের পাতা খুললেই সফলতার ক্যাপশন ও উক্তিতে আজকাল নিউজফিড ছেয়ে যায়। সব মানুষই সফল হওয়ার মূলমন্ত্র জানতে চায়। এর মূলমন্ত্র জানতে হলে আমাদের সফল ব্যক্তিদের পরামর্শ নিতে হবে। জানতে হবে কীভাবে শত বাঁধা পেরিয়ে জীবনে সফল হয়েছেন তারা। ২০২৬ সালের সফলতার উক্তিগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় সফল হতে মানুষ কতটা মরিয়া।
আরও পড়ুন: অফিসে নিজের যোগ্যতা প্রমাণ করবেন কীভাবে?
জীবনে সফল হওয়ার মূলমন্ত্র হলো আপনি যে কাজে সফল হতে চান সেটিকে ভালোবাসা। এ বিষয়ে স্টিভ ওজনিয়াক বলেছেন, আপনি যে কাজটা করছেন সেটি যদি ভালোবাসেন এবং সেই কাজে সফলতার জন্য যেকোনো পর্যায়ে যেতে ইচ্ছুক থাকেন তবে সেটি আপনার কাছে ধরা দেবেই। সেটি হাতের নাগালে পৌঁছবে। তাই কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ’
জীবনে সফল হওয়ার আরও কিছু উক্তি
‘একটি লক্ষ্য ঠিক করো। সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশী, রক্তনালী–পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ।’ – স্বামী বিবেকানন্দ
‘সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনিই আসবে।’ – আলবার্ট আইনস্টাইন
‘যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্য নেই।’ – উইলিয়াম ল্যাংয়েড
আরও পড়ুন: অফিসের সময় উপভোগ্য করবেন যেভাবে
‘অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়।’ – ইমারসন
‘সাফল্যই চূড়ান্ত নয়, অসফলতাই নয় অন্ত, যেকোনো পরিস্থিতিতে চলতে থাকার সাহসই হলো আসল।’ – উইনস্টন চার্চিল
সফলতা কীভাবে আসে
অনেকেই বলেন, ‘আমি সফল হতে চাই। আমাকে সফলতা অর্জনের উপায় বলুন।’
আসলে সফলতা রাতারাতি আসার বিষয় না। এ বিষয়ে বিল গেটস বলেন, ‘ধৈর্য্যই হলো সাফল্যের প্রধান শর্ত।’ অধৈর্য হয়ে জীবনে আপনি কিছু করতে পারবেন না। স্টিভ জবসের মতে, ‘রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে।’
আরও পড়ুন: কতদিন পর পর চাকরি বদলানো উচিত? ঘন ঘন ক্যারিয়ার পরিবর্তনের ঝুঁকি জানুন
তবে সফলতা নিয়ে মার্ক টোয়েনের মন্তব্য আরও স্পষ্ট। তিনি সফল হওয়ার পেছনে দুটি মূলমন্ত্রের কথা বলেছেন। তার মতে, ‘জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।’ যে ব্যক্তির মনে জেদ নেই তিনি সফল হতে পারেন না। জেদ এক প্রকার মোটিভেশন যা আপনাকে কোনোকিছুকে নিজের করে পেতে উজ্জীবিত করে রাখে।
পুরুষের সফলতা নিয়ে উক্তি
একজন পুরুষ কখনোই জীবনে ব্যর্থ হতে চান না। নিজেকে তিনি সর্বদা কর্তার আসনেই দেখতে চান। তাই জীবনে সফল তাকে হতেই হয়। তবে অনেক পুরুষই জানেন না কীভাবে এই সফলতা তিনি অর্জন করতে পারেন। এ বিষয়ে ভিন্স লম্বারডি বলেন, ‘সফল মানুষের সঙ্গে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা।’ সফল হওয়ার প্রবল ইচ্ছাই আপনাকে সফলতার দুয়ারে পৌঁছে দেবে। সফল হওয়ার আকাঙ্ক্ষাই আপনাকে লক্ষ্য অর্জনে লেগে থাকতে অনুপ্রেরণা যোগাবে।
আরও পড়ুন: অফিসের ক্লান্তি দূর করতে কতদিন পর পর ঘুরতে যাওয়া উচিত?
তবে রাতারাতি সফলতার নেশায় অনেকেই অসদোপায় অবলম্বন করে থাকেন। এ কাজ করা থেকে বিরত থাকতে হবে। হারমান মেলভি বলেন, ‘অসত্যের পথে সফল হওয়ার চেয়ে, সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো।’
নারীর সফলতা নিয়ে উক্তি
সফলতা বলতে আমাদের অনেকেই শুধু পুরুষের সাফল্যকে বোঝেন। তবে নারীরও জীবনে সফল হওয়ার প্রয়োজনীয়তা আছে। সচরাচর জীবনে কঠিন কোনো সময়ের মুখোমুখি না হলে একজন নারী সফল হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন না। এ.পি.জে আব্দুল কালাম যথার্থই বলেছেন, ‘মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে।’
এদিকে, কঠিন সময়ে ভেঙে না পড়ে সেটি সাহসের সঙ্গে মোকাবিলা করা কথা বলেছেন মাইক কাফকা। তিনি বলেন, ‘সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেয়া যাবে না ।’
সফলতার পথে বাধা
সফলতার পথে প্রধান বাঁধা হলো নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় না থাকা। অন্যদের কথাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া। এ বিষয়ে হেনরি ডেভিড থরো বলেন,‘সফল হওয়ার উপায় কী জানি না, তবে ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা।’
সবাইকে খুশি করে আসলে সফল হওয়া যায় না। আপনার সফলতায় কেউ না কেউ অখুশি হবেই।
এএ/এজেড




