গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান খলিল আল-হাইয়ার ছোট ছেলে ইজ্জেদ্দিন আল-হাইয়াকে হত্যার চেষ্টা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলের বিমান হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে গাজা সিটির একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম জানান, খলিল আল-হাইয়ার ছেলে ইজ্জেদ্দিন আল-হাইয়া ও তার পরিবারের সদস্যরা হামলা থেকে বেঁচে গেছেন। তবে হামলায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে খলিল আল-হাইয়ার পুত্রবধূও রয়েছেন।
হামলায় কেউ নিহত হননি বলেও জানিয়েছেন তিনি।
রয়টার্স জানিয়েছে, ইজ্জেদ্দিন আল-হাইয়া খলিল আল-হায়ার একমাত্র জীবিত ছেলে। এর আগে ইসরায়েলি হামলায় তার চার ভাই নিহত হয়েছেন।
এদিকে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত গাজা যুদ্ধ অবসানের ২০ দফা পরিকল্পনায় হামাসের যোদ্ধাদের জন্য সাধারণ ক্ষমার স্পষ্ট প্রস্তাব ছিল। এমনকি হামাসের যেসব সদস্য গাজা ছেড়ে অন্য দেশে যেতে চান, তাদের গাজা থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
তবে হামাস নেতাদের লক্ষ্য করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এতে সাম্প্রতি মাসগুলোতে সংগঠনটির বহু নেতা ও কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।
সর্বশেষ মঙ্গলবার (২৪ নভেম্বর) গাজা উপত্যকার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাইম মোহাম্মদ আবু নাহল নিহত হয়েছেন।
সূত্র: রয়টার্স, আলজাজিরা
এমএইচআর




