বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ড্রোন হামলার আশঙ্কায় ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএম

শেয়ার করুন:

ড্রোন হামলার আশঙ্কায় ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাচ্ছে যুক্তরাজ্য

সম্ভাব্য ড্রোন হামলা থেকে যুদ্ধবিমান রক্ষায় নতুন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যের সামরিক বাহিনী। এ জন্য রাতের বেলায় রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) যুদ্ধবিমানগুলো হ্যাঙ্গার ও বিশেষ সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে। 

এছাড়া খোলা জায়গায় থাকা বিমানগুলোর সুরক্ষায় বসানো হচ্ছে বিশেষ অ্যান্টি-ড্রোন জাল। খবর আল জাজিরা, ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমস ও স্কাই নিউজের।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, রাশিয়া ও ইরানের সম্ভাব্য হুমকি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগের মধ্যে যুক্তরাজ্যের সামরিক বাহিনী এই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।

এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) বলেছে, সামরিক ঘাঁটি, সরঞ্জাম ও কর্মীদের নিরাপত্তাকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। 

তবে যুদ্ধবিমান সরিয়ে নেয়া ও ড্রোন প্রতিরোধী জাল বসানোর বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো সরাসরি নিশ্চিত করেনি মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রতিনিয়ত নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করা হচ্ছে।

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) জ্যেষ্ঠ গবেষক জাস্টিন ব্রঙ্ক আল জাজিরাকে বলেন, গোয়েন্দা তথ্যে ড্রোন হামলার আশঙ্কা থাকলে রয়্যাল এয়ার ফোর্সের এমন পদক্ষেপ যুক্তিসংগত ও কার্যকর।

তিনি বলেন, আরএএফের প্রধান যুদ্ধবিমান ঘাঁটি কনিংসবি, মারহাম ও লসিমাউথে এখনো স্নায়ুযুদ্ধের সময়কার শক্তিশালী বিমান আশ্রয়কেন্দ্র রয়েছে। বিমান সংরক্ষণ, সুরক্ষা এবং সীমিত পরিসরে রক্ষণাবেক্ষণের জন্য এসব স্থাপনা ব্যবহারযোগ্য অবস্থায় রাখা হয়েছে।

তবে ব্রঙ্ক সতর্ক করে বলেন, প্রতিটি বিমানঘাঁটির সব যুদ্ধবিমান রাখার মতো পর্যাপ্ত সুরক্ষিত আশ্রয়কেন্দ্র নেই। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর সামরিক স্কোয়াড্রনগুলোকে কয়েকটি বড় ঘাঁটিতে একীভূত করা হয়। তখন এ ধরনের সুরক্ষাব্যবস্থার আর প্রয়োজন হবে না—এমন ভুল ধারণা থেকেই পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণে গুরুত্ব দেয়া হয়নি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ৪৭ কোটি পাউন্ড (৬১ কোটি ৫০ লাখ ডলার) বিনিয়োগ করা হচ্ছে। এর আওতায় স্থাপনাগুলোর ভৌত সুরক্ষা, নজরদারি এবং ড্রোন প্রতিরোধের সক্ষমতা বাড়ানো হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ড্রোন ও ড্রোন প্রতিরোধী প্রযুক্তির পেছনে ইতোমধ্যে ১ কোটি ৫০ লাখ পাউন্ড (১ কোটি ৯৬ লাখ ডলার) বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ৪৪টি স্থাপনার ওপর বিশেষ নিয়ন্ত্রিত আকাশসীমা ঘোষণা করা হয়েছে।

রাশিয়া ও ইরানের সম্ভাব্য হুমকি নিয়ে নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ। বিভিন্ন ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশটির জনগণ ও প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সরকার।

গত অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সতর্ক করে বলেন, ন্যাটোর কোনো সদস্যদেশের ওপর রাশিয়া হামলা চালালে তা মোকাবিলার জন্য যুক্তরাজ্যের সামরিক সক্ষমতায় বড় ধরনের অগ্রগতি প্রয়োজন।

মঙ্গলবার যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে একটি সতর্কবার্তা জারি করে। এতে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহকারী যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রাশিয়ার নাশকতামূলক তৎপরতা বাড়ার বিষয়ে সতর্ক করা হয়।

রুসির গবেষক জাস্টিন ব্রঙ্ক বলেন, সাধারণ হ্যাঙ্গার কিংবা বিশেষভাবে নির্মিত সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে রাখা বিমানগুলো ছোট ড্রোন ব্যবহার করে অনুপ্রবেশকারী শত্রু গোষ্ঠী বা সন্ত্রাসীদের হামলা থেকে সুরক্ষিত থাকে। তবে সম্ভাব্য যুদ্ধের সময় রাশিয়ার তৈরি গেরান-২, গেরান-৩ ও গেরান-৪ সিরিজের বড় আকারের একমুখী আক্রমণকারী ড্রোন থেকে শুধু বিশেষ সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে থাকা বিমানগুলোই রক্ষা পাবে।

গেরান সিরিজের ড্রোনগুলো ইরানের নকশার ওপর ভিত্তি করে তৈরি করেছে এবং পরিচালনা করছে রাশিয়া।

ব্রঙ্ক বলেন, বিশেষ সুরক্ষিত বিমান আশ্রয়কেন্দ্রগুলো দেখতে পুরোনো ধাঁচের মনে হলেও যুদ্ধের সময় যুদ্ধবিমানের নিরাপত্তা ও কার্যক্ষমতা ধরে রাখার জন্য এগুলো তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ, সাশ্রয়ী ও কার্যকর ব্যবস্থা।

তার মতে, পুরু কংক্রিটের দেয়াল ও বিস্ফোরণ প্রতিরোধী দরজার কারণে এসব আশ্রয়কেন্দ্র ড্রোন হামলা থেকে প্রায় সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে। এমনকি কোনো ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা না গেলেও সরাসরি আঘাতে সর্বোচ্চ একটি যুদ্ধবিমান ধ্বংস হতে পারে।

এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটির আকাশে অনুমোদনহীন ড্রোনের সম্ভাব্য উপস্থিতি শনাক্ত হওয়ার পর ব্যবস্থা নেয় মার্কিন বাহিনী। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান অবস্থান করছিল।

সেসময় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছিলেন, পূর্বাঞ্চলের আরএএফ ল্যাকেনহিথ ঘাঁটিতে কোনো সেনাসদস্য, বিমান বা অবকাঠামোর ক্ষতি হয়নি।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে ইরান-সংশ্লিষ্ট একটি নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। ওই ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান ব্যবহার করা হতো।

অভিযোগ রয়েছে, কয়েকজন ব্যক্তি তিনটি ভ্যান চালিয়ে ঘাঁটির কাছের একটি গ্রামে নিয়ে যান এবং সেগুলো ফেলে রেখে যান। ভ্যানগুলোর ভেতরে পেট্রোলভর্তি ব্যারেল থাকায় বোমা হামলার আশঙ্কা তৈরি হয়। পরে ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র এই বিমানঘাঁটি ব্যবহার করেছিল। সেপ্টেম্বরের ওই ঘটনার কয়েক দিন পর ঘাঁটি থেকে তাদের সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেয়া হয়। 

এ ঘটনায় পরে যুক্তরাজ্যের আদালতে দুজন এবং যুক্তরাষ্ট্রে তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া ইরানের হুমকির পর গত ৯ নভেম্বর ল্যাকেনহিথের কাছাকাছি আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকেও মার্কিন সামরিক বিমান সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল ও ফিন্যান্সিয়াল টাইমস।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর