বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অবৈধভাবে প্রবেশ করা মুসলিমদের খুঁজে বের করে বাংলাদেশে ফেরত পাঠাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) কোচবিহারে রাসমেলা উদ্বোধন অনুষ্ঠানে জেলা পুলিশ সুপারকে এ নির্দেশ দেন শুভেন্দু।
তিনি বলেন, ‘এসপি শুনুন, এই জেলাতে বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে, ওই রাস্তা দিয়ে বের করতে হবে, তাড়াতে হবে। আর যারা ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য এসেছেন, হিন্দুরা, তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী, তাদেরকে আশ্রয় দিতে হবে।’
সীমান্ত সুরক্ষা নিয়ে বিএসএফ-এর সঙ্গে পুলিশকে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে জানিয়ে শুভেন্দু আরও বলেন, জমি দেওয়া হয়ে গেছে এবং যেটুকু বেড়া বাকি ছিল, সেই ফেন্সিং সম্পূর্ণ হবে। সীমান্ত এলাকায় অবৈধ মাদ্রাসা থেকে শুরু করে গাঁজা চাষ, জাল নোট, ফেনসিডিল ও মাদক পাচার সব বন্ধ করতে হবে।
এদিন রাজ্যে গরু জবাই বন্ধের বিষয়েও কড়া হুঁশিয়ারি দেন বিজেপির এই মুখ্যমন্ত্রী।
১৯৫০ সালের ‘ক্যাটেল অ্যাক্ট’ আইন যথাযথভাবে কার্যকর করার নির্দেশ দিয়ে পুলিশকে স্পষ্ট ভাষায় শুভেন্দু বলেন, ১৯৫০ সালের ‘ক্যাটেল অ্যাক্ট’ মেনে চলতে হবে এবং গোমাতার ওপর যেন কোনওভাবেই হাত না ওঠে।
সূত্র: দ্য ওয়াল, আনন্দবাজার
এমএইচআর




