১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং। একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।
তার এমন বক্তব্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় এ মন্তব্য করেন অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের কথিত হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমরা অবশ্যই নেব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’
বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি ফ্যাসিস্ট শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আলোচনার মধ্যেই এ বক্তব্য দিলেন পশ্চিমবঙ্গের এই বিতর্কিত মন্ত্রী।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য ঢাকা প্রশাসনের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে পলাতক ও মৃত্যদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে।
তাকে হাতকড়া পরিয়ে এবং কঠোর নজরদারির মধ্যে ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার ফেরার ইচ্ছা ও বাস্তবতা এক নয় বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
এদিকে, শেখ হাসিনার রাষ্ট্রীয় উড়োজাহাজে ফেরার দাবিকে ‘নিছক পাগলামি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।
এর আগে বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। তার দেশে ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।
শেখ হাসিনা ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে পালিয়ে যান।
পরে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
চলতি বছরের আগস্টে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানান ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরবর্তী সময়ে একাধিক সাক্ষাৎকারেও এ পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এ মাসের শুরুতে যুক্তরাজ্যে তার আইনজীবীদের মাধ্যমে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার খবরও প্রকাশিত হয়।
ঢাকা এরই মধ্যে ভারতের কাছে পলাতক শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। অন্যদিকে, নয়াদিল্লি জানিয়েছে, বাংলাদেশের অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে।
-এমএমএস




