সৌদি আরবের জেদ্দা বন্দরসহ লোহিত সাগর উপকূলের দেশটির সব বন্দরে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা। ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালালে পাল্টা জবাব হিসেবে এসব বন্দরে হামলা চালানো হবে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
বুধবার (২৫ নভেম্বর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন।
বিবৃতিতে জেদ্দাসহ সৌদি আরবের লোহিত সাগর উপকূলের সব বন্দরের কর্মী, শ্রমিক ও আশপাশের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এসব বন্দরে অবস্থানরত জাহাজ সরিয়ে নিতে শিপিং কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরের আশপাশের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। এর পরই পাল্টা হামলার হুমকি দেয় হুথিরা।
এদিকে মঙ্গলবার সৌদি রাজধানী রিয়াদের অবস্থিত দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ ৮০ তলা বিশিষ্ট পিআইএফ টাওয়ার হুথিদের ড্রোন হামলায় অন্তত ১১ জন আহত হন বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনার পর হুথিদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দেয় সৌদি নেতৃত্বাধীন জোট।
বুধবার জোটের পক্ষ থেকে জানানো হয়, হোদেইদা বন্দরে হুথিদের সামরিক সক্ষমতা ও কার্যক্রমের ওপর হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের সাদা ও আমরান প্রদেশেও কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, ইয়েমেনের উত্তরাঞ্চলে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে খাদ্য, মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য প্রবেশের অন্যতম প্রধান পথ হোদেইদা বন্দর। দেশটির লাখ লাখ মানুষের জন্য বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত সেপ্টেম্বর থেকে হুথি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। বাব আল-মান্দেব প্রণালি ঘিরে হুথিদের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং সৌদি আরবের বিমানবন্দর, বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা বিমান হামলা জোরদার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
এ পরিস্থিতিতে লোহিত সাগরকেন্দ্রিক বাণিজ্যিক নৌ চলাচল ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স, আলজাজিরা
এমএইচআর




