মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের নিরাপত্তাপ্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

শেয়ার করুন:

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের নিরাপত্তাপ্রধান নিহত
ব্রিগেডিয়ার জেনারেল নাইম মোহাম্মদ আবু নাহল

গাজা উপত্যকার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাইম মোহাম্মদ আবু নাহল নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজা শহরের পশ্চিমে ইসরায়েলি দখলদার বিমানের চালানো এক গুপ্তহত্যা অভিযানে ৫০ বছর বয়সী আবু নাহল শহীদ হয়েছেন।’

স্থানীয় একটি চিকিৎসা সূত্রের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা সিটির পশ্চিমাঞ্চলের হায়দার স্কয়ারের কাছে বেসামরিক লোকজনের একটি জমায়েত লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে একজন ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হন।  

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় হামাসের একজন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পরে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন হামলার লক্ষ্যবস্তু হিসেবে আবু নাহলের নাম প্রকাশ করে।

ইসরায়েলি সামরিক সূত্রের বরাতে কেএএন জানায়, হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান মুঈন আল-আরবিদের স্থলাভিষিক্ত হয়েছিলেন আবু নাহল। গত সেপ্টেম্বরে ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের একটি বিশেষ অভিযানে আল-আরবিদ আটক হন। তিনি এখনো ইসরায়েলের হেফাজতে রয়েছেন।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ যৌথ বিবৃতিতে আবু নাহলকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ অভিযানের জন্য ইসরায়েলি সামরিক বাহিনী ও শিন বেতের প্রশংসা করে একটি যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘তিন মাস আগে আমাদের বাহিনী একটি দুঃসাহসিক অভিযানে হামাসের সাবেক অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধানকে আটক করার পর, আইডিএফ এইমাত্র হামাসের বর্তমান অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নাইম আবু নাহালকে নির্মূল করেছে।’

বিবৃতিতে নেতানিয়াহু ও কাটজ আরও বলেছেন, ‘কোনো সন্ত্রাসীই ইসরায়েল রাষ্ট্রের দীর্ঘ হাত এড়াতে পারবে না।’

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, আবু নাহল হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা এবং হামাসের সাংগঠনিক সক্ষমতা পুনরুদ্ধারের কাজে যুক্ত ছিলেন। 

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এতে প্রতিদিনই বহু ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ২০২৬ সালের ২৩ নভেম্বর পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ হাজার ১০০ জন। এতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৭৪৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৩৪ জন।

সূত্র: আনাদোলু, টাইমস অব ইসরায়েল

এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর