শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

সৌদির বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

সৌদির বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১

গত ২৪ ঘণ্টায় ইয়েমেন জুড়ে সৌদি আরবের বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। এসব হামলায় আরও ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হুথি পরিচালিত সংবাদমাধ্যম আল-মাসিরাহ।

শনিবার (২১ নভেম্বর) হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-মাসিরাহ জানায়, নিহতদের মধ্যে ১১ শিশু ও সাতজন নারী রয়েছেন। আহতদের মধ্যেও তিনটি শিশু রয়েছে।

তবে হামলাগুলো ইয়েমেনের ঠিক কোন কোন এলাকায় চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

হুথিদের দেওয়া হতাহতের এ তথ্যের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, সৌদি বাহিনী গত ২৪ ঘণ্টায় সানা এবং হোদাইদাহ, তাইজ, লাহজ, সা'আদাহ, মারিব ও আল-জাওফ গভর্নরেটগুলোতে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ৭৮টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তিনি নিশ্চিত করেছেন, খামিস মুশাইত ও তাইফ বিমানঘাঁটি থেকে উৎক্ষেপিত এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান এবং জিজান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

সারী আরও বলেন, উত্তেজনা বৃদ্ধির পর থেকে সৌদি বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলার মোট সংখ্যা ৫ হাজার ৪২৯-এ পৌঁছেছে।

এদিকে ইয়েমেনে সৌদি হামলার জবাবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে হুথিরা।

মুখপাত্র ইয়াহিয়া সারি পৃথক বিবৃতিতে জানান, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জাজান বন্দরে হামলা চালিয়েছে তাদের বাহিনী।

তিনি দাবি করেন, হামলায় লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানা হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

হুথি মুখপাত্র আরও জানিয়েছের, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের বিদ্যুৎকেন্দ্র এবং লোহিত সাগর উপকূলের মোখা শহরে সৌদি হামলার জবাবে এসব আক্রমণ চালানো হয়েছে। 

ইয়েমেনের বন্দর ও বিদ্যুৎ অবকাঠামোয় ভবিষ্যতে আরও হামলা হলে সৌদি আরবের একই ধরনের স্থাপনায় তাৎক্ষণিক পাল্টা আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, জাজান লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানিয়েছে জোটটি। 

তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি জোট।

সূত্র: আল-মাসিরাহ, সিনহুয়া

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর