শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

বেশি সন্তান নেওয়ার আহ্বান ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

বেশি সন্তান নেওয়ার আহ্বান ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির

বিয়ে করুন, বেশি বেশি সন্তান নিন, তাদের গির্জায় নিয়ে বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বার্তা দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। 

তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খবর  ওয়াশিংটন পোস্টের। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেভিট লেখেন, ‘বিয়ে করুন, আরও বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’

পোস্টের সঙ্গে যুক্ত ছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি শিরোনামের স্ক্রিনশট। সেখানে বলা হয়েছিল, এক গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।

লেভিটের পোস্টে মূলত বিয়ে, পরিবার ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি মানুষকে পরিবার গঠনে উৎসাহিত করার পাশাপাশি সন্তানদের গির্জাভিত্তিক ধর্মীয় পরিবেশে বড় করা এবং তাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা তৈরির আহ্বান জানিয়েছেন।

তবে তার এই বার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পরিবার, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের ওপর তার গুরুত্ব দেওয়ার বিষয়টিকে সমর্থন করেছেন। অন্যদিকে অনেকে সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, জনপরিচিত ব্যক্তিদের এভাবে নির্দিষ্ট জীবনধারা বা ধর্মীয় বিশ্বাস অনুসরণের আহ্বান জানানো উচিত কি না।

অনেকেই যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিশুর দেখাশোনার খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক সংকটের বিষয়টি সামনে এনেছেন। তাদের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অনেক পরিবারের পক্ষেই বেশি সন্তান নেওয়া কঠিন হয়ে পড়েছে।

আবার কেউ কেউ বলেছেন, শিশুরা বড় হওয়ার পর নিজেদের ধর্মীয় বিশ্বাস নিজেরাই বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।

লেভিটের পোস্টের জবাবে একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটিকে খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার প্রতিযোগিতা হিসেবে দেখা উচিত নয়। প্রকৃত সমাধান হলো পশ্চিমা দেশগুলোতে অভিবাসন সীমিত বা বন্ধ করা, যাতে এসব দেশ নিজেদের সংস্কৃতি ধরে রাখতে পারে।’

আরেকজন লিখেছেন, ‘যারা মাতৃত্বকালীন ছুটি, শিশুদের দিবাযত্ন কেন্দ্র, ন্যায্য মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করেন, তারাই আবার বেশি সন্তান নেওয়ার পরামর্শ দেন। এরপর প্রশ্ন করেন, মানুষ কেন বেশি সন্তান নিচ্ছে না!’

আরেক ব্যবহারকারী সরাসরি লেভিটকে উদ্দেশ করে লিখেছেন, ‘ক্যারোলিন, আমাদের আর সন্তান নেওয়ার সামর্থ্য নেই।’

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর