পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। একই সঙ্গে কারাগারে তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা কমাতে সরকার ও বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান ফলকার তুর্ক।
তিনি বলেন, ইমরান খানের মুক্তি, তার যথাযথ চিকিৎসা এবং রাজনৈতিক উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থা তৈরির একটি উদ্যোগ হিসেবে তার অবিলম্বে মুক্তি দেওয়া যেতে পারে।
তুর্ক বলেন, ‘আমি ইমরান খানের মুক্তি চাই। আমি তার যথাযথ চিকিৎসার দাবি জানাচ্ছি এবং উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানাচ্ছি। এই মামলাকে ঘিরে যে রাজনৈতিক উত্তেজনা রয়েছে, তা আমাদের প্রশমিত করতে হবে। এর অর্থ হলো, বিরোধী দল ও সরকারের মধ্যে আস্থা তৈরির একটি উপায় হতে পারে তার অবিলম্বে মুক্তি।’
“I call for [Imran Khan’s] release. I call for his proper treatment, and I actually call for de-escalation,” says UN human rights chief @volker_turk. “We need to diffuse the political tensions that are around this case, which means that a confidence-building measure between the opposition and the government could be his immediate release.”
— Christiane Amanpour (@amanpour) November 19, 2026
২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আটক ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর বন্দিজীবনের পরিবেশ, স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই জাতিসংঘ মানবাধিকার প্রধানের এই মন্তব্য এসেছে। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন।
এর আগে ১৬ নভেম্বর পাকিস্তানের প্রধান বিচারপতিসহ শীর্ষ বিচারকদের কাছে পাঠানো এক খোলা চিঠিতে জরুরি চিকিৎসার আবেদন জানান ইমরান খান।
আরও পড়ুন
‘জীবিত অবস্থায় নাও ফিরতে পারি, সময় ফুরিয়ে যাওয়ার আগেই ন্যায়বিচার দিন’
‘ইমরান খান সুস্থ থাকলেও মানসিক নির্যাতনের শিকার’, জানালেন বোন উজমা
চিঠিতে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে এবং প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা পর্যন্ত একাকী থাকতে হচ্ছে। এমনকি শারীরিক অবস্থার অবনতি ঘটলেও প্রয়োজনীয় চিকিৎসা ও আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না।
ইমরান খানের স্বাস্থ্য ও কারাগারের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও।
সংস্থাটি দাবি করেছে, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে মাত্র দুবার সাক্ষাতের সুযোগ পান ইমরান। এছাড়া চলতি বছরের মার্চের পর থেকে ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে সংস্থাটি।
অ্যামনেস্টি আরও জানিয়েছে, ইমরান খানকে নির্জন কারাবাসে রাখা এবং বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ সীমিত করার ঘটনায় তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তার উচ্চ রক্তচাপজনিত জটিলতার কথাও উল্লেখ করেছে সংস্থাটি।
ইমরান খানের স্ত্রী কারাবন্দি বুশরা বিবির চিকিৎসা নিয়েও উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি।
সংস্থাটির অভিযোগ, চোখের একটি সমস্যায় ভুগলেও পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না তিনি। এতে তার দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।
অন্যদিকে ইমরান খানের ছেলে কাসিম খানও বাবার মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে পাকিস্তানের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।
পাকিস্তান সরকার অবশ্য ইমরান খানের প্রতি অবহেলার অভিযোগ অস্বীকার করেছে।
সম্প্রতি দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, কারাগারে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
এমএইচআর




