আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম ইলেকশনস) ডেমোক্রেটিক পার্টির জয়যাত্রা অব্যাহত রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানদের হাতে থাকা আলাস্কায়ও জয়ী তারা।
এত দিন সিনেটের ওই আসনটি ছিল ড্যান সুলিভানের হাতে। তাকেই এবার প্রার্থী করেছিল রিপাবলিকান। তবে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সুলিভানের থেকে সেই আসন ছিনিয়ে নিলেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেল্টোলা।
তার এই জয়ের ফলে সিনেটে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬-তে। আর রিপাবলিকানরা থমকে গেল ৪৪ আসনেই! খবর এবিসি নিউজের।
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হয়েছে ট্রাম্পের দলের। মার্কিন হাউসে নীল ঝড়। হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের পাশাপাশি সিনেটেও ডেমোক্র্যাটদের জয়জয়কার। ভোটগ্রহণপর্ব মেটার পর পরই শুরু হয় গণনা।
সিনেটের প্রায় সব আসনের ফলপ্রকাশ হলেও ঝুলে ছিল মিসিসিপি এবং আলাস্কা! দিন ছয়েক আগে মিসিসিপির ভোটগণনা সম্পন্ন হয়। লাল দুর্গ বলে পরিচিত সেই মিসিসিপিতে নীল পতাকা তুলেছিল ডেমোক্র্যাটরা। এবার আলাস্কাতেও একই ফল। ১৮ বছর পর আলস্কায় জিতলেন কোনও ডেমোক্র্যাট প্রার্থী।
মার্কিন সংবাদমাধ্যম জানায়, পেল্টোলার ঝুলিতে গিয়েছে ৫০ শতাংশ ভোট। আর ৪৬ শতাংশ ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী সুলিভান। ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এই আলাস্কাতে ট্রাম্প ১৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন। সেই আসনই হাতছাড়া হল তার দলের।
আলাস্কার অনেক জনপদ দুর্গম এবং বিচ্ছিন্ন। সেই কারণে এই আসনে ভোটগণনা হতে অনেকটা সময় লেগে যায়। পেল্টোলাই সিনেটে প্রথম আদিবাসী প্রতিনিধি হবেন। আগে হাউসেও একই কৃতিত্ব পেয়েছিলেন তিনি।
পেল্টোলার জয় সহজ পথে আসেনি। তাকে আটকাতে নানা ধরনের কৌশল নিয়েছিলেন রিপাবলিকানরা। ট্রাম্পের বিচার বিভাগ আগেভাগেই মামলা করেছিল। তবে শেষপর্যন্ত সব বাধা কাটিয়ে শেষ হাসি হাসলেন পেল্টোলা।
নির্বাচন পরবর্তী ১০ দিন পর্যন্ত আলাস্কায় মেলের মাধ্যমে পাঠানো ভোটপত্র গ্রহণ করা হয়। বিদেশ থেকে ডাকযোগে পাঠানো ভোটপত্র গ্রহণ করা হয় ১৫ দিন পর্যন্ত। এখানে ভোটদানের প্রক্রিয়া কিছুটা ভিন্ন। ভোটারেরা কোনও একজনকে ভোট দিয়ে চলে যান না। বরং, পছন্দের ক্রম অনুযায়ী প্রার্থীদের নামের তালিকা তৈরি করেন। যে প্রার্থী সবচেয়ে বেশি ভোটারের তালিকায় শীর্ষে থাকেন, তিনিই নির্বাচিত হন।
আলাস্কায় প্রার্থীর সংখ্যা মোট চার। পেল্টোলা এবং সুলিভান ছাড়াও ভোটে দাঁড়িয়েছেন রিপাবলিকান জেরাল্ড হেইকস ও আরেক ড্যান জে সুলিভান। একই নামের দুই প্রার্থী নিয়ে আদালতে মামলাও হয়েছিল।
-এমএমএস




