সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে শহরটির বিভিন্ন এলাকার ঘরবাড়ি কেঁপে ওঠে।
বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় বাসিন্দা ও ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানান, বিস্ফোরণের আগে তাদের মোবাইল ফোনে কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি।
উত্তর রিয়াদের এক বাসিন্দা বিস্ফোরণের শব্দকে ‘অত্যন্ত বিকট’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, কোনো ধরনের সতর্কতা ছাড়াই এমন বিস্ফোরণের শব্দ শোনা ভীতিকর।
রিয়াদে অবস্থানরত এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের তীব্রতায় তার বাড়ির দরজাগুলো খুলে যায় এবং কিছুক্ষণের জন্য বৈদ্যুতিক বাতিও নিভে যায়।
বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান ও কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা শহরের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ধোঁয়া দেখতে পাওয়ার কথা জানিয়েছেন।
এর আগে বুধবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, রিয়াদ অভিমুখে হুতিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। পরে একই অঞ্চলের দিকে ছোড়া আরেকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করার কথা জানান তিনি।
এদিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান, নাজরান ও খামিস মুশাইত এলাকায় সম্ভাব্য আকাশপথের হুমকি নিয়ে সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে এসব এলাকায় বিপদ কেটে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তাদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা এবং রিয়াদের আর্থিক কেন্দ্রও রয়েছে।
সূত্র: ডন, আলজাজিরা
এমএইচআর




