বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকায় আসছে ভারতের প্রতিনিধি দল, এজেন্ডায় নেই গঙ্গা চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

ঢাকায় আসছে ভারতের প্রতিনিধি দল, এজেন্ডায় নেই গঙ্গা চুক্তি
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারেজ। ফাইল ছবি

ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর এক মাসও বাকি নেই। এমন পরিস্থিতিতে ঢাকায় আসছে ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল। তবে তাদের এই সফরের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে নতুন গঙ্গা চুক্তি কিংবা বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি থাকছে না।

বুধবার (১৮ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ২১ থেকে ২৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ভারত ও বাংলাদেশের যৌথ কমিটির ৯১তম বৈঠক। গঙ্গার পানির বণ্টন পর্যবেক্ষণের জন্য ১৯৯৬ সালের চুক্তির আওতায় এই যৌথ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির নিয়মিত বৈঠকে নদীর পানিপ্রবাহ, তথ্য-উপাত্ত এবং চুক্তি বাস্তবায়নের বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

ভারতের সরকারি সূত্র জানিয়েছে, এবারের বৈঠকের মূল উদ্দেশ্য যৌথ কমিটির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা। চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা এই বৈঠকের নির্ধারিত কর্মসূচিতে নেই। চুক্তির বিধান অনুযায়ী, বছরে তিনবার এই যৌথ কমিটির বৈঠক হওয়ার কথা।

এদিকে আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তির ভবিষ্যৎ নিয়ে দুই দেশের মধ্যে এখনো অনিশ্চয়তা রয়েছে। বাংলাদেশ নতুন একটি চুক্তি করতে আগ্রহী। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে নিশ্চয়তা ধারা বা গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ঢাকা।

এ বিষয়ে দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছিলেন, নতুন গঙ্গা চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির নিশ্চয়তা ধারা অন্তর্ভুক্ত করা বাংলাদেশের অগ্রাধিকার। ওই ধারায় নদীর পানিপ্রবাহ কমে গেলেও ভাটির দেশ হিসেবে বাংলাদেশের জন্য একটি ন্যূনতম পানিপ্রবাহ নিশ্চিত করার ব্যবস্থা ছিল।

এদিকে চুক্তি নবায়নের বিষয়ে ভারতের অভ্যন্তরেও মতপার্থক্য রয়েছে। বিহারসহ সংশ্লিষ্ট রাজ্যগুলো নতুন চুক্তিতে নিজেদের পানির চাহিদাকে গুরুত্ব দেওয়ার দাবি জানাচ্ছে। বিহারের ক্ষমতাসীর জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) নেতারাও বিদ্যমান চুক্তি নিয়ে আপত্তি তুলেছেন।

অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরুর জন্য একাধিকবার ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি।

সূত্র: দ্য প্রিন্ট

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর