সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইরানের হাতে এখনো ২৫০০ ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের হিসাব কত?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ এএম

শেয়ার করুন:

ইরানের হাতে এখনো ২৫০০ ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের হিসাব কত?

ইরানের অস্ত্রভান্ডারে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ইসরায়েলি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, দেশটির হাতে দেড় হাজারের বেশি ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্রের সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন হওয়ায় মার্কিন গোয়েন্দাদের এই মূল্যায়নে অনিশ্চয়তা রয়েছে। তবে দেশটির হাতে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। ইরানের সামরিক সক্ষমতার এই চিত্র দেশটিতে সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তেও প্রভাব ফেলছে।

ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত এবং উৎপাদন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও দেশটি আবার সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া বক্তব্যে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, ইরান পুনর্গঠন করছে এবং নতুন করে অস্ত্রের মজুত গড়ে তুলছে।

এর আগে গত সপ্তাহে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করে ইরান। এ বিষয়ে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এক পশ্চিমা কর্মকর্তা ব্লুমবার্গ-কে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান অভিযানে ইরানের প্রচলিত সামরিক সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তা সত্ত্বেও দেশটির হাতে প্রায় ১ হাজার ৭০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। পাশাপাশি প্রতি মাসে সর্বোচ্চ ৫০টি নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর পক্ষ থেকে নতুন করে কোনো উসকানি না এলে ইরানে হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে পারেন বলে সাম্প্রতিক সময়ে ঘনিষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন ট্রাম্প।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো ইরানে সামরিক হামলার পক্ষে আগ্রহী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গ

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর