যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। চলতি বছরের ফেব্রুয়ারির পর এটিই হতে যাচ্ছে তিন দেশের মধ্যে প্রথম সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) দুই দিনের এ আলোচনা শুরু হয়েছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যস্থতা করছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার।
রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি। ২০২২ সালের মার্চে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে প্রথম সরাসরি শান্তি আলোচনার সময় থেকেই রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। রুশ প্রতিনিধি দলে আরও রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও মিখাইল গালুজিন, সামরিক গোয়েন্দা প্রধান ইগর কোস্তিউকভ এবং জেনারেল স্টাফের অপারেশনাল বিভাগের উপপ্রধান ইউরি ঝিগারলভস্কি।
অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান রুস্তেম উমেরভ, প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানভ, তার ডেপুটি সের্গেই কিসলিতসিয়া এবং ক্ষমতাসীন দল সার্ভেন্ট অব দ্য পিপলের নেতা দাভিদ আরাখামিয়া।
রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা ছাড়াও ইউরোপীয় দেশগুলোর কর্মকর্তারা আবুধাবিতে উপস্থিত রয়েছেন। তবে মূল ত্রিপক্ষীয় আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছে মস্কো।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মূল বৈঠক শুরুর আগে ইউক্রেনের প্রতিনিধিরা ইউরোপীয়, ন্যাটো ও ইইউ প্রতিনিধি এবং দুই মার্কিন দূতদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন।
ফ্রান্স বলেছে, ইউরোপীয় নিরাপত্তার সমাধান না করে ইউক্রেনে কোনো স্থায়ী শান্তি আসতে পারে না এবং এর জন্য ইউরোপীয়দের সম্পৃক্ততা প্রয়োজন।
তবে রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, ইউক্রেনীয় ও মার্কিনিদের সঙ্গে বৈঠকে ইউরোপীয়দের কোনো স্থান তারা দেখছে না।
এদিকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভূখণ্ড বিনিময়ের প্রশ্নে রাশিয়া ও ইউক্রেনের অবস্থানে ব্যক্তিগত পর্যায়ে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে।
তিনি আরও জানান, সম্ভাব্য চুক্তিতে ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা এবং ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সদস্যপদ পাওয়ার পথ তৈরির বিষয়ও আলোচনায় রয়েছে। ইউক্রেনের নিরাপত্তার জন্য ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের আদলে কোনো নিশ্চয়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে রাশিয়ার প্রতিনিধিদলের একটি সূত্র জানিয়েছে, আবুধাবির আলোচনায় যুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তাকাঠামো নির্ধারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। ভবিষ্যতে সংঘাতের ঝুঁকি কমানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা হবে।
এদিকে সম্ভাব্য শান্তিচুক্তির ফলে ইউক্রেনের ভূখণ্ড বা সীমান্তে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং দুই পক্ষ চুক্তির খুব কাছাকাছি রয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা এটি সম্পন্ন করতে পারব। আর শেষ পর্যন্ত ইউক্রেনকে কিছুটা ভিন্ন রূপে দেখা যাবে।’ তবে ইউক্রেনের কোন কোন অঞ্চলের অবস্থান বা সীমান্ত পরিবর্তিত হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
যুদ্ধ বন্ধের পথে সবচেয়ে বড় বাধা কী—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈরিতার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ‘তাদের মধ্যে তীব্র বিদ্বেষ শান্তি প্রতিষ্ঠার পথে বড় প্রতিবন্ধকতা’।
প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, যুদ্ধের অবসানে এবং যেকোনো স্থায়ী যুদ্ধবিরতির পূর্বশর্ত হিসেবে ২০২২ সালে যুদ্ধ শুরু পর থেকে রাশিয়ার দখল করা চারটি অঞ্চল- দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া এবং খেরসন থেকে ইউক্রেন সম্পূর্ণ সেনা প্রত্যাহার ও সেগুলোকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের এই দাবিগুলোকে শুরু থেকেই সম্পূর্ণ প্রত্যাখ্যান করে আসছেন।
তিনি বারবার বলেছেন, নিজেদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্বভৌম ভূখণ্ড ও দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো শান্তি চুক্তি বা আত্মসমর্পণ তারা মেনে নেবেন না।
সূত্র: রয়টার্স, এপি
এমএইচআর




