সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

যুদ্ধের পর ইউক্রেনের মানচিত্র বদলে যাবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

শেয়ার করুন:

যুদ্ধের পর ইউক্রেনের মানচিত্র বদলে যাবে: ট্রাম্প

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান হলে ইউক্রেনের বর্তমান মাণচিত্র বদলে যাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য শান্তিচুক্তির ফলে ইউক্রেনের ভূখণ্ড বা সীমান্তে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। 

তিনি দাবি করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং দুই পক্ষ চুক্তির খুব কাছাকাছি রয়েছে। 

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা এটি সম্পন্ন করতে পারব। আর শেষ পর্যন্ত ইউক্রেনকে কিছুটা ভিন্ন রূপে দেখা যাবে।’ তবে ইউক্রেনের কোন কোন অঞ্চলের অবস্থান বা সীমান্ত পরিবর্তিত হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

যুদ্ধ বন্ধের পথে সবচেয়ে বড় বাধা কী—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈরিতার কথা উল্লেখ করেন। 

তিনি বলেন, ‘তাদের মধ্যে তীব্র বিদ্বেষ শান্তি প্রতিষ্ঠার পথে বড় প্রতিবন্ধকতা’।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, তিনি ক্ষমতায় না থাকলে এই যুদ্ধ শুরু হতো না। তার প্রশাসনের উদ্যোগেই সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে। ফেব্রুয়ারির পর এটিই হতে যাচ্ছে তিন দেশের মধ্যে প্রথম সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক।

আলোচনায় যুদ্ধ বন্ধের পাশাপাশি ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি এবং ভূখণ্ডসংক্রান্ত বিরোধ গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। আমি বিশ্বাস করি যে যুদ্ধের অবসান ঘটবে এবং তা শিগগিরই ঘটবে। আর এর অবসান ঘটার একমাত্র কারণ আমি।’

প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, যুদ্ধের অবসানে এবং যেকোনো স্থায়ী যুদ্ধবিরতির পূর্বশর্ত হিসেবে ২০২২ সালে যুদ্ধ শুরু পর থেকে রাশিয়ার দখল করা চারটি অঞ্চল- দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া এবং খেরসন থেকে ইউক্রেন সম্পূর্ণ সেনা প্রত্যাহার ও সেগুলোকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। 

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের এই দাবিগুলোকে শুরু থেকেই সম্পূর্ণ প্রত্যাখ্যান করে আসছেন। 

তিনি বারবার বলেছেন, নিজেদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্বভৌম ভূখণ্ড ও দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো শান্তি চুক্তি বা আত্মসমর্পণ তারা মেনে নেবেন না।

সূত্র: ইউরো নিউজ
 
এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর