পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃতাধীন দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস সরকারের অবসান ঘটিয়ে রাজ্যের ক্ষমতায় আসে বিজেপি। গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শুভেন্দু অধিকারী। সোমবার তার সরকার ছয় মাস পূর্ণ করেছে। এই ছয় মাসে প্রশাসনিক ও রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি রাজ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটা দেখা যাচ্ছে তা সম্ভবত সাংস্কৃতিক ক্ষেত্রেই।
নতুন সরকার ইতোমধ্যে রাজ্যের সংস্কৃতি, ভাষা, শিক্ষা এবং ধর্মীয় উৎসব উদ্যাপনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে ।
স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক
সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর একটি এসেছে শিক্ষা ও জাতীয় সংগীতচর্চার ক্ষেত্রে। ক্ষমতায় আসার পর বিজেপি সরকার রাজ্যের স্কুলগুলোতে সকালের প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করে।
পরবর্তী সময়ে ১৯ মে জারি করা নির্দেশে সরকারি, সরকার অনুমোদিত এবং স্বীকৃত মাদ্রাসাগুলোর ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর করা হয়।
সরকারের এই সিদ্ধান্তকে জাতীয়তাবাদী চেতনা জোরদারের উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছে। তবে সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ এবং বিরোধী রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করেছে।
তাদের বক্তব্য, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ একটি সমাজে কোনো গান গাওয়ার বাধ্যবাধকতা তৈরি করা উচিত নয়।
দুর্গাপূজার আয়োজনে বড় পরিবর্তন
দুর্গাপূজার আয়োজনেও এসেছে দৃশ্যমান পরিবর্তন। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব দুর্গাপূজাকে ঘিরে আগের সরকারের চালু করা রেড রোডের বার্ষিক পূজা কার্নিভাল এবার বাতিল করেছে বিজেপি সরকার।
২০১৭ সাল থেকে চালু থাকা এই আয়োজনের পরিবর্তে ইডেন গার্ডেন্সে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্রোন শো ও আতশবাজির আয়োজনের কথা জানানো হয়। পাশাপাশি মহালয়া উপলক্ষে দীঘায় বিশেষ অনুষ্ঠান এবং রাজ্যের ছয়টি শহরে সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়।
পূজার অনুদানের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। আর্থিকভাবে সচ্ছল বড় পূজা কমিটিগুলোকে সরকারি অনুদান না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ছোট বাজেটের পূজা কমিটিগুলোর জন্য সর্বোচ্চ এক লাখ রুপি পর্যন্ত অনুদান বহাল রাখা হয়েছে।
‘এখন শুধু হিন্দু-মুসলিম, হিন্দু-মুসলিম হচ্ছে’
এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুজোর বিসর্জনের আগে ঘোষণা করেছিলেন, ‘যারা সনাতন ধর্ম মানেন, তারাই শুধু প্রতিমাতে হাত দেবেন।’ মানে, অহিন্দু-রা যেন দুর্গা প্রতিমা স্পর্শ না করেন।
ভারতের সাবেক সংস্কৃতি সচিব ও এমপি জহর সরকার শহর কলকাতার সুশীল সমাজের একজন সুপরিচিত প্রতিনিধি। তিনি মনে করছেন, বিজেপি আসলে ‘বাংলাকে ঠিকমতো বুঝতেই পারেনি’।
জহর সরকার বলেন, ‘বাংলা কখনো জাতপাত, ধর্ম নিয়ে ভাবেনি। আমরা বন্ধুদের সঙ্গে এক পাতে বসে এঁটো খেয়েছি, কখনো মাথাতেও আসেনি কে মুসলিম বা খ্রীষ্টান, কে কোন জাত। এই যে আমাদের রাজ্যের মৌলিক মূল্যবোধগুলো, প্রথম দিন থেকেই শুভেন্দু অধিকারীর সরকার তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’
কলকাতা শহরের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে টহল দিলেও বোঝা যায়, মাত্র কয়েকদিনেই ধর্মীয় বিভাজনের একটা অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে গেছে। আগেও যে সেটা একেবারে ছিল না তা নয়, কিন্তু ইদানীং সেই দেওয়াল আরও উঁচু আর শক্তপোক্ত হয়েছে।
কলকাতায় এখনও বেকবাগান মসজিদের পাশেই পাড়ার ‘সার্কাস স্পোর্টিং ক্লাব অ্যান্ড লাইব্রেরি’তে কালীপুজোর প্রস্তুতির আড্ডা বসে।
তবে ঠিক পাশেই পার্ক সার্কাস এলাকার মুসলিম বাসিন্দারা জানান, এই শহরের নতুন ধরনধারন তাদের কাছে অচেনা ঠেকছে।
পেশায় ট্যাক্সিচালক রশিদ আহমেদের কথায়, ‘আমি তো সারা শহর ঘুরি, দেখছি এখন শুধু হিন্দু-মুসলিম হিন্দু-মুসলিম হচ্ছে। মুসলিম পাড়ায় লোকজন বিজেপির ঝান্ডা টাঙিয়ে দিয়ে বলছে, আমি কিন্তু বিজেপি করি!’
মুহাম্মদ সাব্বির নামে একজন বলছিলেন, ‘বাংলায় আগে সবাই মিলেমিশে থাকত, হিন্দু-মুসলিম-শিখ। এখন কী হয়েছে, সব ভাগ হয়ে গেছে।’
তিনি বলেন, ‘আমরা মুসলমান হতে পারি, কিন্তু আমরাও পুজো দেখতে যেতাম। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতাম পরিবার আর বাচ্চাদের নিয়ে। কিন্তু আমরা দেখলাম এ বছর আর পুজোয় যাওয়া যাবে না, কারণ আমাদের বারণ করা হয়েছে।’
সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক
অন্যদিকে বাংলা ভাষার প্রশ্নে বিজেপি সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা ভাষার ব্যাপক ব্যবহারের আহ্বানের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২০ জুলাই নতুন ভাষানীতি ঘোষণা করেন।
সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের সব স্তরের দাপ্তরিক চিঠিপত্র, আদেশ, বিজ্ঞপ্তি ও অন্যান্য সরকারি যোগাযোগে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও বাংলার ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।
পাঠ্যবইয়ে বদলাচ্ছে ইতিহাসচর্চা
শিক্ষার পাঠ্যক্রমেও পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নতুন সরকার। রাজ্যের স্কুলের পাঠ্যবইয়ে বিজেপির প্রতিষ্ঠাতা সংগঠন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদান যুক্ত করার সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে পাঠ্যবইয়ে মুঘল ইতিহাস ও কমিউনিজমের ওপর আলোচনার পরিসর কমানো এবং সিঙ্গুর আন্দোলন ও কন্যাশ্রী প্রকল্পসংক্রান্ত অধ্যায় বাদ দেওয়ার সুপারিশ করেছে পাঠ্যক্রম পুনর্গঠন কমিটি।
২০২৭ সালের শিক্ষাবর্ষ থেকে এসব পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।
ধর্মীয় পরিচয়ভিত্তিক প্রকল্পে পরিবর্তন
এদিকে ধর্মীয় পরিচয়ভিত্তিক সরকারি সহায়তার ক্ষেত্রেও পরিবর্তন এনেছে বিজেপি সরকার।
গত ১৮ মে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি এবং সংখ্যালঘুবিষয়ক দফতরের অধীনে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে পরিচালিত কয়েকটি সহায়তা প্রকল্প বন্ধ করার ঘোষণা দেওয়া হয়, বিশেষ করে মুসলিমদের।
সরকারের যুক্তি, সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের পরিবর্তে অভিন্ন নীতি অনুসরণ করা প্রয়োজন।
বিজেপির দাবি, গত ছয় মাসে নেওয়া এসব পদক্ষেপের লক্ষ্য বাংলার ঐতিহ্য, জাতীয়তাবাদী চেতনা এবং সনাতন সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া।
অন্যদিকে তৃলমূলসহ বিরোধী দলগুলো অভিযোগ করেছে, এসব সিদ্ধান্তের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের বহুত্ববাদী ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা হচ্ছে।
সূত্র: বিবিসি বাংলা, ইন্ডিয়ান এক্সপ্রেস
এমএইচআর




