সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

২৪ ঘণ্টায় ইয়েমেনে ৯১টি বিমান হামলা চালিয়েছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

২৪ ঘণ্টায় ইয়েমেনে ৯১টি বিমান হামলা চালিয়েছে সৌদি

ইয়েমেনের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ৯০টির বেশি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। 

সোমবার (৯ নভেম্বর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ দাবি করেন। 

তিনি জানিয়েছেন, ২৪ ঘণ্টার ব্যবধানে ইয়েমেনের সানা, সা'দা, তাইজ, হাজ্জাহ, আমরান এবং আল বায়দাসহ ছয়টি গভর্নরেটে ৯১টি বিমান হামলা চালানো হয়েছে। তবে হামলায় হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি ইয়াহিয়া সারি।

হুথিদের সামরিক মুখপাত্র আরও বলেন, এ নিয়ে গত সেপ্টেম্বরে উত্তেজনা শুরু হওয়ার পর থেকে সৌদি জোটের মোট হামলার সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৬০-এ দাঁড়িয়েছে।

হুথিদের দাবি, সাম্প্রতিক সময়ে ইয়েমেনে সামরিক অভিযান জোরদার করেছে সৌদি সমর্থিত বাহিনী। দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলা ও সামরিক অভিযান চালানো হচ্ছে। এসব হামলায় হুথিদের অবস্থান, সামরিক স্থাপনা এবং নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে গোষ্ঠীটি।

এদিকে ইয়েমেনে গত কয়েক সপ্তাহ ধরে নতুন করে সংঘাত তীব্র হয়েছে। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি আরবের সহযোগিতায় হুথিবিরোধী অভিযান চলছে। অন্যদিকে হুথিরা দেশটির রাজধানী সানা ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে।

জাতিসংঘ জানিয়েছে, সংঘাতের কারণে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে বেসামরিক মানুষের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে তাইজ অঞ্চলে খাদ্য, জ্বালানি ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: আলজাজিরা
 
এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর