সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইরানে হামলাকে ‘ইতিহাসের অন্যতম সেরা পদক্ষেপ’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ এএম

শেয়ার করুন:

ইরানে হামলাকে ‘ইতিহাসের অন্যতম সেরা পদক্ষেপ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইরান যুদ্ধ নিয়ে সাম্প্রতিক করা মন্তব্য অনেকেরই পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে হামলার সিদ্ধান্তকে ‘ইতিহাসের অন্যতম সেরা পদক্ষেপ’ দাবি করে ট্রাম্প বলেছেন, একই পরিস্থিতি তৈরি হলে আবারও হামলা চালানোর সিদ্ধান্ত নিতেন।

গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধকে দায়ী করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ভ্যান্সের ওই মন্তব্যে তাদের দুজনের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, একেবারেই না। তবে অনেকেই তার মন্তব্য পছন্দ করেননি। কিন্তু আমি করিনি।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অন্য একটি বিষয় ছাড়া তিনি ঠিকই বলেছেন। তার আরও একটি কথা বলা উচিত ছিল, যেটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো, আবার যদি একই পরিস্থিতি তৈরি হয় (ইরানে হামলা চালানোর), তাহলে কি তিনি আবারও তা করবেন? এর উত্তর হলো, হ্যাঁ।’

ট্রাম্প আরও বলেন, ‘ইতিহাসে এটি আমাদের নেওয়া অন্যতম সেরা পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। কারণ, ইরানের হাতে যদি কখনো পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে তারা পুরো বিশ্বকে উড়িয়ে দিত।’

তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে-এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

২০১৫ সালে ইরান যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য শক্তিধর দেশের সঙ্গে একটি চুক্তি করে। ওই চুক্তির আওতায় নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। তবে ২০১৮ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে চুক্তিটি ভেস্তে যায়। সূত্র: আল জাজিরা।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর