রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম

শেয়ার করুন:

সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৯ জন।

হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক মাধ্যম এক্সে (আগে যার নাম ছিল টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

আল-আসবাহি বলেন, শনিবারের একাধিক বিমান হামলায় আল-শারিয়াহ গ্রামের বাড়িঘর, সড়ক, চিকিৎসাসেবাকর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা লক্ষ্যবস্তু হয়েছেন।

গ্রামটি সানার পূর্বে বানি হাশিশ জেলায় অবস্থিত। তবে এ হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দীর্ঘদিন তুলনামূলক শান্ত থাকার পর, জুলাই মাসে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি এবং সৌদি-সমর্থিত সরকারের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হয়, যা মধ্যপ্রাচ্যের সংঘাতের ক্ষেত্রে একটি নতুন ফ্রন্ট খুলে দেয়।

তখন থেকেই সৌদি আরব নিয়মিতভাবে হুথিদের অবস্থানে বোমা বর্ষণ করে আসছে। অন্যদিকে, হুথি গোষ্ঠীও বাব এল-মান্দেব অবরোধসহ তেলসমৃদ্ধ সৌদি আরবের ওপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর