মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইয়েমেনের হুথি বিদ্রোহী ও ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (৭ নভেম্বর) আবুধাবিতে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সম্ভাব্য সশস্ত্র হামলার ঝুঁকি এবং আকাশপথে চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কার কথাও জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, হুথিদের পক্ষ থেকে সশস্ত্র হামলার হুমকি বেড়েছে। এ কারণে আমিরাতে অবস্থানরত মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে এবং নিজেদের নিরাপত্তার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
Middle East: Americans currently in the Middle East should exercise heightened vigilance due to the increased threat of armed attacks by Iranian-supported Houthis and Iranian efforts to target U.S. government officials in the region. Be aware of potential flight cancellations, airspace closures, and travel disruptions. Read the latest country-specific alerts at https://t.co/fGFPeb6HW3
— US Mission to UAE (@USAinUAE) November 7, 2026
একই সঙ্গে ইরানের পক্ষ থেকেও মার্কিন সরকারের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টার বিষয়ে সতর্ক করেছে দূতাবাস।
দূতাবাস আরও জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং অন্যান্য যাতায়াতসংক্রান্ত বিঘ্ন দেখা দিতে পারে। তাই যেসব মার্কিন নাগরিক আমিরাত থেকে আকাশপথে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের বিমান সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিয়মিত ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আমিরাতের আগে সৌদি আরবেও একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছিল দেশটিতে মার্কিন কূটনৈতিক মিশন। সেখানেও হুথিদের হামলার ঝুঁকি, বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সম্ভাব্য হামলার আশঙ্কা তুলে ধরা হয়।
সূত্র: আলজাজিরা, গালফ নিউজ
এমএইচআর




