বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়-জয়কার

এমএম সালাহউদ্দিন
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়-জয়কার

২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়-জয়কার। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসলাম-বিরোধী প্রচারণার পরও বেশ কিছু ঐতিহাসিক ও উল্লেখযোগ্য জয় পেয়েছেন মুসলিম প্রার্থীরা। 

এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক (৫১ জন) মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ১১ জন কংগ্রেসের নির্বাচনে অংশ নেন। বাকি ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন অঙ্গরাজ্যের আইনসভা, কাউন্টি ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন পদে। প্রার্থীদের বেশিরভাগই ডেমোক্র্যাট দলের।

মুসলিম প্রার্থীদের মধ্যে অনেকেই এবার জয় লাভ করেছেন। এদের মধ্যে সবচেয়ে আলোচিত ডা. আবদুল আল-সাইয়েদ। মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট পার্টির এই প্রার্থী।

ওয়েন কাউন্টির সাবেক স্বাস্থ্য বিভাগের পরিচালক এল-সায়েদ ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনেও হ্যালি স্টিভেন্সকে অল্প ব্যবধানে হারিয়েছিলেন। ওই নির্বাচনে পরাজয়ের পর স্টিভেন্স নির্বাচনের দুদিন আগে রিপাবলিকান প্রার্থী রজার্সকে সমর্থন জানান।

skn-el
 
বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আল-সাইয়েদ বলেন, “ডোনাল্ড, আমি জানি আমার নাম উচ্চারণ করতে আপনার সমস্যা হয়েছে। তাই আগামী জানুয়ারিতে জেডি যখন আমাকে শপথ পড়াবেন, তখন আপনি আমাকে শুধু সিনেটর বলে ডাকতে পারেন।”

এছাড়াও আলোচিত মুসলিম নারী ইলহান ওমর মিনেসোটা থেকে ৬২.৭৭ শতাংশ ভোট পেয়ে প্রতিনিধি পরিষদে পঞ্চমবারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন।

 নির্বাচনের ৩ সপ্তাহ আগেও তার অভিবাসন নথি নিয়ে হয়রানি করে ট্রাম্প প্রশাসন। তার পরও বিপুল ভোটে জয় পেয়েছেন ইসরায়েলের সবচেয়ে কড়া সমালোচকদের অন্যতম ডেমোক্র্যাটিক প্রার্থী মুসলিম নারী ইলহান ওমর।

তিনিও আরেক ডেমোক্র্যাট মুসলিম নারী প্রার্থী ফিলিস্তিনি-আমেরিকান রাশিদা তালিবের মতো টানা পঞ্চমবার এমপি নির্বাচিত হলেন। 

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে টানা পঞ্চম মেয়াদে জয় পেয়েছেন ফিলিস্তিনি-আমেরিকান ডেমোক্র্যাট প্রার্থী রাশিদা তালিব। মুসলিম এই নারী মিশিগানের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি।

ক্যালিফোর্নিয়ার একটি কংগ্রেসনাল আসন থেকে জয়লাভ করেছেন আরেক মুসলিম নারী লাতিফা সাইমন। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচনী জয় পেয়েছে আয়েশা ওয়াহাব। 

নিউজার্সি অঙ্গরাজ্য থেকে প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছেন মুসলিম প্রার্থী ডা. আদম হাশিম হামাওয়ি।

তা ছাড়া নিউইয়র্ক আইনসভায় প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে নির্বাচিত হয়েছেন আবর খোয়াস।তিনি অঙ্গরাজ্যটির আইনসভার প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে হিজাব পরিহিত প্রথম নারী হিসেবেও আইনসভায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।

সব ফলাফল প্রকাশ হলে আরও কয়েকজন বিজয়ী মুসলিম প্রার্থীর নাম জানা যাবে। ইরান যুদ্ধ ও ইসরায়েলের গণহত্যার জেরে এবারের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পপন্থিদের ভরাডুবি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

-এমএমএস  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর