রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিমানবন্দর চালুর ঘোষণার পরই রিয়াদে ফের বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

বিমানবন্দর চালুর ঘোষণার পরই রিয়াদে ফের বিস্ফোরণ
কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর / ছবি: অ্যারাবিয়ান বিজনেস

হুথি বিদ্রোহীদের একের পর এক হামলার হুমকির মুখেই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর দুই সপ্তাহ বন্ধ থাকার পর চালুর ঘোষণা দিয়েছিল সৌদি আরব। ঘোষণার পরপরই রোববার (২৫ অক্টোবর) ভোরে রাজধানী রিয়াদে ফের একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে করে নতুন করে তীব্র আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গোষ্ঠীটির ধারাবাহিক হামলার মুখে পড়েছে দেশটি।

ইয়েমেনের হুথি ও সৌদি-সমর্থিত সরকারের মধ্যে কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর নতুন করে সংঘাত শুরু হয়। এতে বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ইয়েমেনের সংঘাতও নতুন করে মাথাচাড়া ‍দিয়ে উঠেছে।

হুথিদের হামলার পর দুই সপ্তাহ বন্ধ থাকা রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার থেকে ফ্লাইট চলাচল শুরুর কথা জানানো হয়েছিল। তবে বিমানবন্দরটি কতটা সচল হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।

হুথি যোদ্ধারা কয়েক দফায় বিমানবন্দরটিতে হামলা চালিয়েছে। চলতি মাসে তাদের একটি হামলায় ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন। এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সতর্ক করে বলেছেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এখনো অনিরাপদ এবং এটি এখন আমাদের সামরিক লক্ষ্যবস্তু।

তিনি আরও বলেন, রিয়াদের কিং খালিদ বিমানবন্দর ব্যবহার না করতে সব আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় বিমান সংস্থা, বিমানবন্দরের কর্মী এবং যাত্রীদের সতর্ক করা হয়েছে।

বিমানবন্দরটিতে যেকোনো কার্যক্রমের অনাকাঙ্ক্ষিত পরিণতির দায় সৌদি সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

হামলার সতর্কবার্তা

বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, রোববার ভোরে রিয়াদে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় বাসিন্দাদের মোবাইল ফোনে আকাশপথে শত্রুপক্ষের হামলার আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা পাঠানো হয়। বার্তায় সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছিল।

এর আগে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রাজধানী সংলগ্ন এলাকায় দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সামরিক জোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

রোববার সকালে জোটটি আরও জানায়, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইত লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের বাহিনী।

দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে আবহা শহর ও নামাস গভর্নরেটের বাসিন্দাদেরও সতর্ক করা হয়।

খামিস মুশাইতের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, সকাল থেকে ব্যাপক গোলাবর্ষণ চলছে। বিস্ফোরণে সবকিছু কেঁপে উঠছে। পরম করুণাময় আমাদের নিরাপদ রাখুন।

হুথি যোদ্ধারা দাবি করেছে, ২৪ ঘণ্টার মধ্যে তারা সৌদি আরবের রিয়াদসহ তিনটি বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো, একটি তেল পাইপলাইন এবং একটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে শনিবার মক্কা ও মদিনা অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। সংস্থাটি জানায়, হুথিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এসব ধ্বংসাবশেষ পড়ে।

তবে ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। সৌদি আরবের এ দাবিকে তারা ‘বড় ধরনের মিথ্যা’ বলে অভিহিত করেছে।

সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের অন্তর্বর্তীকালীন সদর দফতর এডেন শহরেও হামলা চালিয়েছে হুথিরা। তাদের দাবি, শহরটির একটি নৌঘাঁটি ও সৌদি বাহিনীর তত্ত্বাবধানে থাকা সামরিক শিবির ছিল হামলার লক্ষ্যবস্তু।

গত মাসে দ্রুতগতির অভিযানে লোহিত সাগরের পুরো উপকূলীয় এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার পর ইয়েমেনে হুথিদের তৎপরতা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এর প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারেও।

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রফতানিকারক সৌদি আরবের জন্য হুথিদের এসব হামলা বড় ধরনের চাপ তৈরি করেছে। এতে দেশটির ব্যবসা-বাণিজ্য, বিমান চলাচল ও সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবের ভাবমূর্তি বদলে নেওয়ার প্রচেষ্টাও চ্যালেঞ্জের মুখে পড়েছে।

সূত্র: এএফপি, সিএনএ

এএফ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর